ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ৮ অক্টোবর ২০২৬
সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা
দিল্লিতে সিজেপির বিক্ষোভে পুলিশের ব্যাপক লাঠিচার্জ/ ছবি সংগ্রহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির রাজধানী নয়াদিল্লিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ ঘিরে দিল্লি ও আশপাশের রাজ্যগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভের দিন দিল্লিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) প্রায় ২৩ হাজার সদস্য মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে ১২ অক্টোবর পর্যন্ত রাজধানীজুড়ে সিএপিএফের ২২১ কোম্পানি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদন করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরে দিল্লি পুলিশের অধীনেও আরও ১১০ কোম্পানি সিএপিএফ সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে।

এর আগে জুলাইয়ে সিজেপির যন্তর-মন্তরের বিক্ষোভে প্রায় ১৫০ কোম্পানি সিএপিএফ সদস্য মোতায়েন করা হয়েছিল। কৃষক আন্দোলনের সময় মোতায়েন করা হয়েছিল ৯৩ কোম্পানি। সেই তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হচ্ছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দিল্লির সীমান্ত এলাকাগুলোতেও জোরদার করা হয়েছে নজরদারি। নয়াদিল্লির সব মেট্রোস্টেশন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের ব্যারিকেড দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পুরো রাজধানীতে ক্যামেরার মাধ্যমে ফেস রেকগনিশনভিত্তিক নজরদারি চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় আদেশ জারির ক্ষমতাও ম্যাজিস্ট্রেটদের দেওয়া থাকবে। বিক্ষোভ চলাকালে পূর্ণ সতর্ক অবস্থানে থাকার জন্য উত্তরপ্রদেশ ও হরিয়ানাসহ দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সিজেপির মুখপাত্র সৌরভ দাস প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে নতুন করে বিক্ষোভের ডাক দেন। যন্তর-মন্তরে অনুষ্ঠেয় এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!