বিয়ের কিছুক্ষণ আগে হঠাৎ করে হামলার শব্দে আতঙ্কিত হয়ে পড়ে চারপাশ। সাইরেনের কানফাটানো আওয়াজে উপস্থিত সবাই দ্রুত নিরাপত্তা বাঙ্কারের দিকে দৌড়াতে থাকেন। তবে ক্রিস্টিরা ও শন এর মধ্যেই একে অপরের হাত ধরে আংটি বদল সম্পন্ন করেন। তাদের জন্য এই মুহূর্তটি ছিল বিশেষ হলেও, বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা তখনও বাকি ছিল।
বাকি সবার সঙ্গে তারাও আশ্রয় নেন জেরুজালেমের এক বাঙ্কারে। আর সেখানেই বিয়ের পোশাক পরে শ্যাম্পেন হাতে একে অপরের সঙ্গে নাচতে শুরু করেন নবদম্পতি। তাদের সেই দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে ক্যাপশন লেখা ছিল, আমাদের আনন্দে ভাগ বসানোর ক্ষমতা নেই।
.png)
ভিডিওটি দুইদিনের মধ্যে লক্ষাধিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ মিসাইল হামলাকে উপেক্ষা করে প্রেমের উদযাপনকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
ক্রিস্টিরা ও শন, লা রিপাবলিকাকে বলেন, এক বছর আগে আমাদের জেরুজালেম আসার কথা ছিল। কিন্তু ৭ অক্টোবর হামলার ঘটনা ঘটল, তাই আমরা বিয়ের তারিখ পিছিয়ে দিতে বাধ্য হয়েছি।
যখন তারা এই কথা বলছিলেন, তখন ইজরাইলের আয়রন ডোম থেকে মিসাইল প্রতিহত করার শব্দ ভেসে আসছিল। শন তখন আঙুল তুলে বলেন, শুনতে পাচ্ছেন? আমাদের বিয়ে স্মরণীয় হয়ে থাকলো।
এমন পরিস্থিতিতে বিয়ের আনন্দ নিয়ে এক সমাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, এই দুঃসময়ে এমন একটি সুন্দর গল্প উঠে আসছে দেখে ভাল লাগছে। আমাদের উচিত এই ধরনের আরো কিছু গল্প তুলে ধরা।
অন্য একজন লেখেন, বাকি জীবন এই মুহূর্তটা ভুলতে পারবেন না তারা।
ক্রিস্টিরা ও শন গিবসনের প্রেমের গল্প, যেকোনো কঠিন পরিস্থিতিতেও ভালোবাসার জয়কে সেলিব্রেট করে, এটি একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া