ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ দিতে চিলির আনুষ্ঠানিক আবেদন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ দিতে চিলির আনুষ্ঠানিক আবেদন
ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকা যে গণহত্যার অভিযোগ এনেছে তাতে যোগ দিচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে দেশটি।

গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে আলোচিত এ মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। মামলার এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য এরই মধ্যে আনুষ্ঠানিক অনুরোধ করেছে নিকারাগুয়া, কলম্বিয়া, মেক্সিকো, লিবিয়া, ফিলিস্তিন ও স্পেন। দেশগুলো এখন আইসিজের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Advertisement

ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে এই দেশগুলোর সঙ্গে যোগ দিতে চায় চিলি। চলতি বছরের জুনে এ বিষয়ক এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চিলি তাতে সমর্থন দিয়ে কেপটাউনের সাথে যোগ দেবে।

গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বানও জানান তিনি। আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে, তারা চিলির সরকারের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করেই চলেছে ইসরায়েলি দখলদার বাহিনী। শনিবার (১৪ সেপ্টেম্বর) ৩৪৩তম দিনের মতো হামলা চালিয়েছে তারা।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪১ হাজার ১৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ২৮০ জনে। এর মধ্যে ২২ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি, আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!