ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মালিতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৪
মালিতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৫
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে একটি বাস এবং ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছে আরো ৪৬ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ বাঁধে। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

এক বিবৃতিতে জানানো হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা আহতদের মোপ্তির সোমিনো ডলো হাসপাতালে নিয়ে গেছেন। 
মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রুটি ও লোকজনের অবহেলার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।

Advertisement

এর আগে গত মাসের শেষের দিকে মালিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হন। আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোতে প্রায়ই মারাত্মক ভূমিধসের ঘটনা দেখা যায়। মূল্যবান এই ধাতু সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: মালি
লিংক সফলভাবে কপি হয়েছে!