রোববার ঘরের মাঠে উল্ফসের কাছে ৪-২ গোলে পরাজিত হয়ে লিগ টেবিলের ১১তম স্থানে নেমে গেছে চেলসি। এর আগে লিভারপুলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্লুজরা।
২০২২ সালের মে মাসে টড বোহলি ক্লাবের দায়িত্ব নেবার পর থেকে ট্রান্সফার মার্কেটে এ পর্যন্ত ১ বিলিয়নেরও বেশি অর্থ ব্যয় করেছে স্ট্যামফোর্ড ব্রীজের ক্লাবটি। কিন্তু তার বিপরীতে সমর্থকদের মোটেই সন্তুষ্ট করতে পারেনি দল।
.png)
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১২তম স্থানে থেকে শেষ করেছিল তারা। ১৯৯৪ সালের পর যা লিগে চেলসির সর্বনিম্ন অবস্থান। এবারের মৌসুমে পচেত্তিনোর অধীনে প্রথম মেয়াদে এ পর্যন্ত মাত্র নয়টি লিগ ম্যাচে তারা জয়ী হয়েছে।
৫১ বছর বয়সী পচেত্তিনোর দল এফএ কাপের চতুর্থ রাউন্ডে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে সাংবাদিকরা চেলসি বসকে প্রশ্ন করেছিল, এখনো ক্লাব কর্তৃপক্ষ তার উপর আস্থা রাখছে কিনা।
এমন প্রশ্নের জবাবে পচেত্তিনো বলেছেন, ‘আমি নেতিবাচক কোন কিছু এখনো শুনতে পাইনি। বরং তাদের কাছ থেকে খুবই ভাল বার্তা পেয়েছি। আমরা এখনো সবাই একত্রে আছি। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এ মাসের শেষে আবারো লিগ কাপের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। পচেত্তিনো জানিয়েছেন এই খেলোয়াড়রা সমর্থকদের ভালবাসা দারুণভাবে অনুভব করে। এ কারনে সমর্থকদের কাছে আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
পচেত্তিনো বলেন, ‘আমাদের সমর্থকদের সঙ্গে একটি ভাল যোগাযোগ থাকাটা জরুরী। সমর্থকদেরও বুঝতে হবে এখন স্ট্যামফোর্ড ব্রীজের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখানকার প্রকল্পও একেবারেই ভিন্ন, সবকিছুই পাল্টে গেছে।’