ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইমরানের আপিল খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪, ২৫ অক্টোবর ২০২৩
ইমরানের আপিল খারিজ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে দায়ের করা সাইফার মামলার বিচারিক কার্যক্রম কারাগারে পরিচালনার বিরুদ্ধে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আপিল খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মিনাগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক শুনানি শেষে এ সিদ্ধান্ত নেন।

ইমরান খান ও পিটিআই’এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে গত আগস্টে নথি ফাঁস ও কূটনৈতিক তথ্য অপব্যবহারের অভিযোগ আনা হয়। এর এক দিন পর ইমরান খানকে গ্রেফতার করা হয়। বর্তমানে ইমরান ও কুরেশি দুজনই কারাগারে আছেন। এরই মধ্যে পিটিআই চেয়ারম্যানের নিরাপত্তা বিবেচনায় নিয়ে মামলার বিচারকাজ কারাগারে চালানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।

Advertisement

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে পিটিআই-এর প্রধান আইনজীবী সালমান আকরাম রাজা বলেন, ইমরান খানের বিচারকাজ কারাগারে পরিচালনার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করার এখতিয়ার কেন্দ্রীয় সরকারের নেই। তিনি আরও বলেন, ইসলামাবাদ হাইকোর্টের একটি একক বেঞ্চ ঘোষণা দিয়েছেন, কেন্দ্রীয় সরকার এ মামলা পরিচালনার জন্য পছন্দমতো বিচারক নিয়োগ দিতে পারবে। তবে সরকারের এমনটি করার ক্ষমতা নেই।

জবাবে আবেদন খারিজ করে দিয়ে আদালত বলেন, ইমরানের নিরাপত্তার জন্যই কারাগারে বিচার পরিচালনা করা হবে।

এদিকে গত সোমবার পাকিস্তানের বিশেষ আদালতে ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে করা তারবার্তা ফাঁসের মামলায় অভিযুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইমরান খান
লিংক সফলভাবে কপি হয়েছে!