সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, সরকারি কর্মকর্তা হিসাবে চাকরিতে যোগ দিয়ে আট মাস আগে প্রথম পোস্টিং পেয়েছিলেন মিতালি শর্মা। সেখানেই ঘুষ নেয়ার মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হন তিনি।
জানা গেছে, মিতালি ঝাড়খণ্ডের কোডারমার সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন। সেখানে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন হাজারিবাগের দুর্নীতি দমন শাখা (এসিবি)-র হাতে। একটি স্থানীয় সংগঠনের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে, এই মর্মে অভিযোগ আসার পরেই ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা।
.png)
গত ৭ জুলাই মিতালিকে গ্রেফতার করে এসিবি। তার ঘুষ নেয়ার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গ্রেফতারের বিষয়ে এসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মিতালি ‘কোডারমা ব্যাপার সহযোগ সমিতি’ নামে একটি স্থানীয় সংগঠন আচমকা পরিদর্শন করেন। সেখানে বেশ কিছু অনিয়ম খুঁজে পান তিনি। সংগঠনের কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার শর্তে তিনি ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ।
তার ঘুষ চাওয়ার বিষয়টি এসিবির ডিজিকে জানায় সংগঠনের এক সদস্য। দায়ের হয় অভিযোগ। এসিবির একটি দল তদন্তে নামে এবং প্রাথমিকভাবে জানতে পারে, মিতালি সত্যিই ২০ হাজার টাকা ঘুষ চেয়েছেন। তখন মামলা দায়ের করে ফাঁদ পাতা হয়।
গত ৭ জুলাই ঘুষের প্রথম কিস্তি হিসাবে ১০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান মিতালি। গ্রেফতার করার পর মিতালিকে হাজারিবাগে নিয়ে যাওয়া হয়। বিষয়টির তদন্ত শুরু হয়েছে।