ফ্রি ফায়ার গেম খেলে ৪৭ লাখ টাকা খোয়ালো কিশোর!
ব্যাংকে টাকা তুলতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায় অ্যাকাউন্টে থাকা সব টাকা তুলে নেয়া হয়েছে। এরপরই পুলিশের সাইবার সেলে একটি অভিযোগ করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সব টাকা অনলাইন গেম খেলার জন্য তুলে নেয়া হয়েছে!
ভারতের হায়দরাবাদের অম্বরপেট এলাকায় এ ঘটনা ঘটে। অনলাইনে গেম খেলতে গিয়ে মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা খরচ করে ফেলে একটি কিশোর।
ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানায়, ঐ কিশোর অনলাইনে তার দাদার মোবাইল ফোনে ‘ফ্রি ফায়ার’ নামে একটি গেমিং অ্যাপ ডাউনলোড করে খেলতে থাকে। এটি ছিল ‘ফ্রি গেম’। তবে গেমের বড় পর্যায়ে পৌঁছানোর পর অর্থ ব্যয় করতে হয়।
কিশোরটি যখন সেই পর্যায়ে পৌঁছে যায়, তখন মায়ের অ্যাকাউন্ট থেকে প্রথমে দেড় হাজার রুপি বা প্রায় ২ হাজার টাকা খরচ করে। গেমের উত্তেজনাকর একটি পর্যায়ে পৌঁছনোর পর আরও অর্থ চাওয়া হয়। তখন সে ঐ অ্যাকাউন্ট থেকে আরো ১০ হাজার রুপি বা ১৩ হাজার টাকা খরচ করে। এভাবে গেমের প্রতিটি পর্বের সঙ্গে অর্থের পরিমাণও বাড়তে থাকে।
ঐ কিশোর গেমে এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে, লাখ টাকা খরচ করতেও দ্বিধাবোধ করেনি। ক্রমে এগোতে এগোতে মায়ের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা অনলাইন গেমে খরচ করে ফেলে।
এক সময় দেখা যায়, কিশোরের মায়ের অ্যাকাউন্টে ৩৬ লাখ রুপি বা প্রায় ৪৭ লাখ ২৫ হাজার টাকা ছিল, তার পুরোটাই অনলাইন গেমে খরচ করে ফেলে সে।