এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের হেনরিয়েটা শহরের একটি মাঠ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়া দুই কিশোরীসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সময় সোমবার (১ মে) বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ১৪ বছর বয়সী আইভি ওয়েবস্টার ও ১৬ বছর বয়সী ব্রিটনি ব্রুয়ারসহ জেসি এল. ম্যাকফ্যাডেনের (৩৯) নামে নিখোঁজ বিজ্ঞপ্তি জারি করে ওকলাহোমা হাইওয়ে পেট্রোল।
.png)
তাদের মধ্যে ম্যাকফ্যাডেন একজন তালিকাভুক্ত যৌন অপরাধী এবং পুলিশের ধারণা, নিহত দুই কিশোরী আইভি ও ব্রিটনি তার সঙ্গে অবস্থান করছিলেন।
আরো পড়ুন>> যুক্তরাষ্ট্র ভ্রমণে থাকছে না করোনাবিষয়ক বিধি নিষেধ
ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, তাৎক্ষণিকভাবে সাতটি লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। ম্যাকফ্যাডেন ও নিখোঁজ দুই কিশোরীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিখোঁজ সবার মরদেহ পেয়েছি বলে ধারণা করছি। এখন শুধু নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছি।
তিনি আরো বলেন, এরই মধ্যে বিষয়টি আইভি ও ব্রিটনির পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করলেই অনেকটা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, নিহতের মধ্যে কয়েকজন হেনরিয়েটা পাবলিক স্কুলসের শিক্ষার্থী বলে জানা গেছে। তাই স্বাভাবিকভাবেই এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। এর পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
এমন ঘটনায় যুক্তরাষ্ট্রের শহরটিতে শোকের ছাঁয়া নেমে পড়েছে। তাই এমন পরিস্থিতিতে সকল নাগরিকদের সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দিয়েছে রাজ্যের প্রশাসন।
সূত্র: সিএনএন