ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে নিখোঁজ হওয়া ৬ নারীর মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ১৯ মার্চ ২০২৩
মেক্সিকোতে নিখোঁজ হওয়া ৬ নারীর মৃতদেহ উদ্ধার
ফাইল ছবি

মেক্সিকোতে গত ৭ মার্চ ছয় নারী নিখোঁজ হয়েছিলেন। গুয়ানাজুয়াতো রাজ্যের সেলায়া শহরের কাছে একটি রাস্তা থেকে তারা নিখোঁজ হন। এখন বলা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। একদল সশস্ত্র লোক তাদের পুড়িয়ে মেরেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বজনরা ওই নারীদের জীবিত পাওয়ার আশা করেছিলেন। 

মেক্সিকোর আদালতে প্রসিকিউটররা শুক্রবার জানান নিখোঁজ ছয় নারীকে হত্যা করা হয়েছে এবং তাদের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে এত বড় হত্যাকাণ্ড আর হয়নি।

প্রসিকিউটর কার্লোস জামাররিপা বলেন, তদন্তকারী বিশেষজ্ঞরা গত বৃহস্পতিবার বেশ কয়েকটি অভিযান চালিয়ে কঙ্কালের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন। সেগুলো প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। কারণ হাড়ের পুড়ে যাওয়া টুকরোগুলো ছাড়া কিছুই পাওয়া যায়নি। দেহ পুড়িয়ে হাড়গুলো মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এটা মাদক পাচারকারীদের কৌশল বলে ধারণা করা হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> পেনশন সংস্কারের বিরুদ্ধে প্যারিসে তীব্র আন্দোলন

তিনি বলেন, সন্ত্রাসীরা ছয় নারীকে প্রথমে জুভেন্টিনো রোসাসে নিয়ে যায়। পরে তাদের হত্যা করে। তবে হত্যাকাণ্ডের আসল রহস্য এখনো তদন্তাধীন রয়েছে। নিখোঁজ নারীদের মধ্যে পাঁচজনের ডিএনএ পরীক্ষা মিলেছে এবং আরো পরীক্ষা করা হচ্ছে।

অভিযানে প্রায় দুই ডজন বন্দুক, বিস্ফোরক এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অপহরণের শিকার প্লাস্টিকে মোড়ানো এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত পাঁচজন উত্তর সীমান্ত রাজ্য তামাউলিপাসের বাসিন্দা এবং একজন হন্ডুরান নাগরিক।

বছরের পর বছর ধরে গুয়ানাজুয়াতো রাজ্যে কয়েকটি গ্যাং গ্রুপ অপহরণ ও হত্যার কাজে জড়িত। সরকারি নিরাপত্তা বাহিনীকে তোয়াক্কা না করে তারা বিভিন্ন অপকর্ম করে থাকে।

সূত্র: ফক্স নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!