সন্দেহভাজন এই ব্যক্তিকে তন্নতন্ন করে খুঁজছে পুলিশ
নিউইয়র্কের ব্রুকলিন শহরের এক মেট্রো স্টেশনের সাবওয়েতে শুটআউটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ফ্র্যাঙ্ক আর জেমস। বয়স ৬২। তবে ওই ব্যক্তিই গুলি চালিয়েছে কিনা নিশ্চিত নয় পুলিশ। নিউইয়র্ক পুলিশ ওই ব্যক্তির ছবি টুইটারে প্রকাশ করেছে। ওই ব্যক্তির কোনো সন্ধান থাকলে জানাতে বলা হয়েছে।
এদিকে, মঙ্গলবার সকালে মেট্রো স্টেশনে এলোপাথাড়ি গুলি চালানোর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। মুখোশ পরা বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালানোয় অন্তত ২৩ জন আহত হয়েছেন। কে এই হামলা চালাল তা এখনো জানা যায়নি। সন্দেহের তির জেমস নামের ওই ব্যক্তির দিকেই।
পুলিশ জানতে পেরেছে সম্প্রতি ইউটিউবে মেয়র অ্যাডামসকে হুমকি দেওয়ার পাশাপাশি নানা ধরনের হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। জেমসকে পার্সন অফ ইন্টারেন্স বলে উল্লেখ করেছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির পরনে ছিল ধূসর রঙের পোশাক। ওই ব্যক্তিই ঘটনার পেছনে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, যে গুলি চালিয়েছিল, তার মুখে ছিল গ্যাস মাস্ক। মেট্রো স্টেশনে স্মোক বোম ফেলেছিল অভিযুক্ত। তারপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। জানা গেছে জেমস নামক ওই ব্যক্তি একটি ভ্যান নিয়ে এসেছিল। স্টেশনের বাইরে ভ্যানটি দাঁড়িয়ে ছিল।
এদিকে, হামলার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গেছে ধোঁয়ায় ভরে গিয়েছে সাবওয়ে স্টেশন। আতঙ্কিত যাত্রীরা দ্রুত মেট্রোর কামরা ফাঁকা করে এলাকা ছেড়ে বেরতে শুরু করেছেন। দেখা যায় প্ল্যাটফর্মের মধ্যে কয়েক জন পড়ে রয়েছেন। ঘটনাটি জঙ্গি হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি জেমসের খোঁজ চলছে।
Brooklyn #Subway Shooting. pic.twitter.com/XeH0DrdD9s