ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কিয়েভের বাসিন্দাদের সরে যাওয়ার প্রস্তাব রুশ বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ৩ মার্চ ২০২২
কিয়েভের বাসিন্দাদের সরে যাওয়ার প্রস্তাব রুশ বাহিনীর
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের ভ্যাসিলকিভ শহর অভিমুখে নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ রাষ্ট্রীয় টেলিভিশনে রুশ অভিযানের হালনাগাদ তথ্য জানানোর সময় তিনি কিয়েভের বাসিন্দাদের এই আহ্বান জানান।

রসিয়া ২৪ চ্যানেলে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, কিয়েভের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার ক্ষেত্রে রুশ সামরিক সদস্যরা কোনও বাধা দেবে না।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাশিয়া কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার প্রস্তাব দিল। গত সোমবার মেজর জেনারেল কোনাশেনকভ একই প্রস্তাব দিয়েছিলেন। তখন তিনি কিয়েভের বেসামরিক নাগরিকদের জন্য ভ্যাসিলকিভ অভিমুখের রাস্তা উন্মুক্ত ও নিরাপদ থাকবে বলে জানান।

আরো পড়ুন: পুতিন চাইলে ১৫ মিনিটে লন্ডনে হামলা করতে পারবেন!

তবে প্রায় এক সপ্তাহ আগে শুরু হওয়া রুশ অভিযানের পর থেকেই ভ্যাসিলকিভ শহরে তীব্র গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে সবচেয়ে বড় এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

হামলার তৃতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক আক্রমণ করে রুশ সামরিক বাহিনী। এতে করে পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানীর রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অবশ্য প্রবল হামলার মুখেও কিয়েভে বেশ শক্ত প্রতিরোধের মুখেই পড়েছে রুশ বাহিনী। এই পরিস্থিতিতে গত সোমবার রাতে রাজধানী কিয়েভ অভিমুখে রাশিয়ার সামরিক বাহিনীর ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দীর্ঘ একটি সেনাবহর এগিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। বিশাল এই সেনাবহরে অস্ত্র-সজ্জিত যান, ট্যাংক, গোলাবারুদ ও লজিস্টিক্যাল যান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!