ঝড়ে ভাঙলো নিউটনের সেই ‘আপেল গাছ’
আপেলটি কেন উপরে না উঠে মাটিতে পড়লো?, যে গাছ থেকে আপেল মাটিতে পড়েছিল আর তা থেকে মহাকর্ষের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, সেই আপেল গাছটি ঝড়ে উপড়ে পড়ে গেছে।
ক্যামব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে গাছটি পড়ে যায় বলে ২১ ফেব্রুয়ারি এক খবরে জানিয়েছে বিবিসি।
বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর ড. স্যামুয়েল ব্রোকিংটন বলেন যে, গাছটি ১৯৫৪ সালে লাগানো হয়েছিল। গার্ডেনের ব্রুকসাইড প্রবেশদ্বারে ৬৮ বছর ধরে দাঁড়িয়ে ছিল এটি।
অবশ্য স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষের সূত্র আবিষ্কারের স্মৃতি বিজড়িত হলেও এই গাছটি সরাসরি নিউটনের সময়কার সেই আপেল গাছ নয়। সূত্র আবিষ্কারের সঙ্গে সরাসরি জড়িত গাছটি থেকে ক্লোন করে এই গাছটি রোপণ করা হয়েছিল। অর্থাৎ মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কারের সঙ্গে জড়িত আপেল গাছটি থেকে শুক্রবার ঝড়ে পড়ে যাওয়া গাছটি ক্লোন করা হয়েছিল বলে জানিয়েছেন ড. স্যামুয়েল।
আরো পড়ুন>> বুরকিনা ফাসোয় সোনাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬০
এদিকে, বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে এই গাছের একটি ক্লোন আছে এবং শিগগিরই সেটি বাগানে রোপণ করা হবে।
বিবিসি বলছে, স্যার আইজ্যাক নিউটনের মাথায় যে গাছটি থেকে আপেল পড়েছিল সেটি লিংক্লনশায়ারের গ্রান্থামের উলসথর্প ম্যানরে অবস্থিত। মূল সেই গাছটি থেকে আপেল পড়ার কারণেই গবেষণা করে মধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেছিলেন নিউটন।
যদিও উনিশ শতকে ঝড়ো হাওয়ার কারণে মূল ওই গাছটি উপড়ে যায়। কিন্তু গাছটি এরপরও বেঁচে ছিল এবং পরে বছরের পর বছর ধরে গ্রাফিটিংয়ের মাধ্যমে গাছটির বংশবিস্তার করা হয়।
কিউরেটর ড. স্যামুয়েল ব্রোকিংটন বলছেন, নিউটনের মূল আপেল গাছের তিনটি ক্লোন বর্তমানে কেমব্রিজ ইউনিভার্সিটিতে আছে। এই তিনটির মধ্যে শুক্রবার ভেঙে পড়া গাছটিও ছিল।