ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সীমান্তে ২৭ মাদক পাচারকারীকে হত্যা করেছে জর্ডান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ২৭ জানুয়ারি ২০২২
সীমান্তে ২৭ মাদক পাচারকারীকে হত্যা করেছে জর্ডান সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

সিরিয়া থেকে মাদক নিয়ে জর্ডানে প্রবেশের সময় সেনা সদস্যদের গুলিতে ২৭ পাচারকারী নিহত হয়েছে।

জর্ডান সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তুষার ঝড় চলাকালে পাচারকারীরা বিপুল পরিমাণ অ্যামফেটামিন নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল।

তবে সিরিয়া-জর্ডান সীমান্তের কোন এলাকায় ঘটনাটি ঘটেছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি।

উপসাগরীয় দেশগুলোতে যেতে অনেক পাচারকারী জর্ডানের প্রধান সীমান্ত ক্রসিংটি বেছে নেয়, এখান দিয়ে সিরীয় মালবাহী ট্রাকের মধ্যে লুকিয়ে মাদক পাচার করে তারা। এখান থেকে প্রায়ই বিভিন্ন মাদকের চালান আটক করে জর্ডানের সেনাবাহিনী। আটক মাদকের মধ্যে ক্যাপটাগন নামে পরিচিত অ্যামফেটামিনই বেশি থাকে।

আরো পড়ুন>> ৬৬ বছর বয়সে ১২৯ সন্তানের জন্ম দিলেন এই ব্যক্তি!

জর্ডানের কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচার বেড়ে যাওয়ার পেছনে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এবং সিরিয়ার দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী মিলিশিয়া গোষ্ঠীগুলো আছে। তারা পাচারকারীদের বিভিন্নভাবে সহায়তা দেয়। তবে হিজবুল্লাহ এসব অভিযোগ অস্বীকার করেছে।

আরো পড়ুন>> সৌদি-থাইল্যান্ডের ৩০ বছরের পুরোনো বিবাদের অবসান

জর্ডানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা সিরিয়ার কর্তৃপক্ষ ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান মিত্র রাশিয়ার কাছে তাদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে আসাদের অনুগত সামরিক পুলিশের উপস্থিতি আছে।

সম্প্রতি মাসগুলোতে সিরিয়ার কর্তৃপক্ষ উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে পাঠানো মাদকের বেশ কয়েকটি বড় চালান আটকের কথা জানিয়েছে। দেশে ক্যাপটাগনের উৎপাদনও তারা বন্ধ করার চেষ্টা করছে বলে জানিয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রায় এক দশকের গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়া সিরিয়া মধ্যপ্রাচ্যের মাদক উৎপাদনের প্রধান ক্ষেত্রে পরিণত হয়েছে, সেখান থেকে জর্ডান, ইরাক ছাড়াও মাদক ইউরোপেও পাচার হয়।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: জর্ডান মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!