দুই পরিবারের ঝগড়া, শিশুর উপর কুকুর লেলিয়ে দিলেন মালিক!
দুই পরিবারে ঝগড়া চলছিল। আর চিৎকার চেঁচামেচি শুনে কাছেই চেন দিয়ে বাঁধা পিটবুল কুকুরটি গর্জন করছিল। আচমকাই কুকুরটির মালিক চেন খুলে দেন। হিংস্র পিটবুল বিদ্যুৎ বেগে ছুটে আসে বাইরে। সামনেই ছিল একটি শিশু। পিটবুল ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। রক্তাক্ত হয় শিশুটি।
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার বাদলপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পলাতক রয়েছে এক জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, দুই পরিবারের ঝগড়া চলাকালীন একটি ঘিয়ে রঙের পিটবুল কুকুর ছুটে এসে একটি শিশুকে আক্রমণ করছে। পিটবুল ঝাঁপিয়ে পড়তেই মাটিতে পড়ে যায় শিশুটি। দেখা যায় কুকুরটি তার পা কামড়ে ধরেছে। দু’জন নারী কুকুরটিকে শিশুটির উপর থেকে সরানোর চেষ্টা করেও পারছেন না। শেষে কয়েক জন পুরুষ এসে লাঠি ও ব্যাট দিয়ে কুকুরটিকে মারতে থাকেন।
আরো পড়ুন>> ছাগলের জায়গায় নরবলি দিলেন মাতাল ব্যক্তি!
আহত হয়ে কুকুরটি ফিরে যায় বাড়িতে। ভিডিওতেই দেখা যাচ্ছে কুকুরটির মালিক বারান্দায় চুপ করে দাঁড়িয়ে আছেন। কুকুরটি যখন শিশুটিকে আক্রমণ করে, তখনও তিনি বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে!
শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। আহত শিশু ও কুকুরটির শুশ্রূষা চলছে। যিনি বারান্দায় দাঁড়িয়ে গোটা ঘটনা দেখেছেন, তাকে খুঁজছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার