ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অ্যাসাঞ্জকে ফেরানোর আপিলে জিতলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ১০ ডিসেম্বর ২০২১
অ্যাসাঞ্জকে ফেরানোর আপিলে জিতলো যুক্তরাষ্ট্র
ছবি: জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাজ্যের উচ্চ আদালতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ফেরত পাওয়ার আপিলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১০ ডিসেম্বর) যুক্তরাজ্যের আপিল বিভাগ যুক্তরাষ্ট্রের পক্ষে এ রায় দেয়। এ রায়ের ফলে ব্রিটিশ কারাগার থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ হওয়ার কাছাকাছি অর্থাৎ প্রায় শেষ ধাপে চলে এসেছেন অ্যাসাঞ্জ।

অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থের অবস্থা এবং যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে তার ‘আত্মহত্যা করার’ঝুঁকি বিবেচনায় নিয়ে যুক্তরাজ্যের জেলা আদালত গত এপ্রিলে তার প্রত্যর্পণ আটকে দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেই জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবারের শুনানি শেষে রায় ঘোষণার সময় লন্ডনের হাইকোর্টের বিচারক টিমোথি হোলরোয়েড বলেন, ‘অ্যাসাঞ্জের সার্বিক নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তাতে আদালত সন্তুষ্ট। এই কারণে এ আবেদন মঞ্জুর করা হলো।’

লন্ডন হাইকোর্টে করা আবেদনে উল্লেখ করা প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাসাঞ্জকে কলোরাডোয় তথাকথিত উচ্চ নিরাপত্তার ‘এডিএক্স’ কারাগারে পাঠানো হবে না। আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার আদালত অ্যাসাঞ্জের যে কারাবাসের সাজা ঘোষণা করেছে, তা খাটার জন্য তাকে সেখানেও পাঠানো হবে না।

অস্ট্রেলীয় বংশোদ্ভূত ৫০ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনী ও সরকারের বিপুল পরিমাণ গোপন নথি ও কূটনৈতিক বার্তা ফাঁস করার ১৮টি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ, ‍যিনি গত আড়াই বছরের বেশি সময় ধরে লন্ডনের বেলমার্শ কারাগারে আছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!