ঘনঘন বাথরুমে যাওয়ার ‘অপরাধে’ নারী কর্মীকে বরখাস্ত করল অ্যামাজন!
কর্মীর কাজ আশানুরুপ না হলে তাকে বরখাস্ত করা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাই বলে বাথরুমে যাওয়ার অপরাধে কর্মীকে ছাঁটাইয়ের ঘটনা সাধারণত শোনা যায় না। তবে সম্প্রতি এ ধরনের অপ্রত্যাশিত ঘটনাই ঘটেছে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন ক্রয়-বিক্রয়ের প্ল্যাটফর্ম অ্যামাজনে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, মারিয়া জেনাইট অলিভেরো নামের বরখাস্ত হওয়া সেই নারী কর্মী অ্যামাজন-এর গোডাউনে কাজ করতেন। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের অভিযোগ, কাজের মাঝে বিরতি নিয়ে ঘনঘন বাথরুমে যেতেন তিনি। প্রয়োজনীয় মুহূর্তের সময়ও তিনি বাথরুমে দীর্ঘ সময় কাটাতেন।
এদিকে চাকরি হারানোর পর ওই নারী সংবাদমাধ্যমকে জানান, তিনি ইরিট্যাবল বোয়েল সিন্ড্রোমে আক্রান্ত। যার কারণে ঘনঘন তাকে বাথরুমে যেতেই হয়। কখনও কখনও দিনে ৬-৭ বারও যেতে হয় তাকে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে অভিযোগ উঠার পর তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা প্রতিষ্ঠানকে জানিয়েছিলেন। প্রতিষ্ঠান প্রথমে তা মানতে নারাজ হলেও পরে অসুস্থতার প্রমাণ এবং মেডিক্যাল সার্টিফিকেট দেখতে চায়। তবে সেই সার্টিফিকেট ও প্রমাণ হাজির করতে মাত্র ৫ দিন সময় দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ওই সময়সীমার মধ্যে সার্টিফিকেট জোগাড় করতে পারেননি তিনি। এই কারণেই তাকে বরখাস্ত করে অফিস।
এদিকে এমন বৈষম্য এবং অমানবিক আচরণের জন্য অ্যামাজন-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সেই নারী। অন্যায়ভাবে তাকে অফিস থেকে বরখাস্ত করার জন্য আদালতে মামলা দায়ের করে কোম্পানির কাছে ৭৫ হাজার ডলারের ক্ষতিপূরণও চেয়েছেন তিনি।