ফরাসি ম্যাগাজিনে এবার এরদোগানের ব্যঙ্গচিত্র, আইনী পদক্ষেপ নেবে তুরস্ক
মহানবী হযরত মোহাম্মদ (সা:)- কে অবমাননা নিয়ে একাধিক বিতর্কের মধ্যেই এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের একটি ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। এই ধরনের আক্রমণাত্মক কাজের বিরুদ্ধে আইনী ও কূটনৈতিক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি জানিয়েছে তুরস্ক।
বুধবার সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ পাতায় এরদোগানের এই ব্যঙ্গচিত্র প্রকাশ করে ম্যাগাজিনটি।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে এক টুইটার বার্তায় বলেন, মতামতের স্বাধীনতার আড়ালে লুকিয়ে কাউকে নিয়ে এভাবে প্রতারণা করতে পারেন না আপনারা। আমাদের প্রেসিডেন্টকে নিয়ে ফ্রান্সের এই অনৈতিক ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানাই আমরা। এ ধরণের অবজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ওকতে।
তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তুর্কি প্রসিকিউটররা এই ব্যঙ্গাত্মক ম্যাগাজিনটি সম্পর্কে সরকারিভাবে তদন্ত শুরু করেছেন।
ফরাসি ম্যাগাজিনে প্রকাশিত ব্যঙ্গচিত্রে দেখা গেছে, তুরস্কের প্রেসিডেন্ট একজন ঘোমটা দেয়া নারীর পোশাক তুলছেন। এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে তারা পরোক্ষভাবে মহানবী হযরত মোহাম্মদ (সা:)- এরও সমালোচনা করেছে।

এরদোগানের যোগাযোগ পরিচালক ফাহেরেটিন আলতুন বলেন, শার্লি এবদো শুধুমাত্র আমাদের প্রেসিডেন্টকে নিয়ে উদ্দেশ্যেমূলকভাবে এই ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। এটি সাংস্কৃতিক বর্ণবাদ ও বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা। এর তীব্র নিন্দা জানাই আমরা।
এক টুইটার বার্তায় তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন লিখেছেন, ফরাসি ম্যাগাজিনে আমাদের প্রেসিডেন্টকে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে সেখানে কোনো বিশ্বাস, পবিত্রতা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নেই। এটি কোনোভাবেই বাকস্ বাধীনতার আওতায় পড়ে না। তাদের এই কাজের দৃঢ়ভাবে নিন্দা জানাই আমরা।
এর আগে, চলতি মাসের শুরুতে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত ও কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর। এরপর থেকেই তীব্র ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব।
গত রোববার এরদোগান ফরাসি মুসলিমদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তোলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিরুদ্ধে। মহানবী হযরত মোহাম্মদ (সা:)- কে অবমাননা করে ম্যাক্রোঁর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ইসলামের প্রতি এই দৃষ্টিভঙ্গির জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিত্সা দরকার বলেও মন্তব্য করেছেন এরদোগান। এরপর ফরাসি পণ্য বর্জন করার জন্যেও আরব বিশ্বের সঙ্গে সুর মেলান তিনি।
সূত্র- বিবিসি