লন্ড্রিতে দুই বধূর বিয়ের পোশাক বদল, ফিরে পেলেন ৩১ বছর পর
বিয়ের পর নিজেদের বিয়ের পোশাক পরিষ্কার করতে লন্ড্রিতে দিয়েছিলেন দুই মহিলা। এরপর লন্ড্রি থেকেই পাল্টাপাল্টি হয়ে যায় তাদের পোশাক। একজনেরটা চলে যায় অন্যজনের কাছে।
আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, কানাডার অন্টারিওতে ঘটেছে এই ঘটনা। সম্প্রতি ফেসবুকের সৌজন্যে ৩১ বছর পর দুজনই ফিরে পেলেন তাদের বিয়ের স্মৃতিবিজড়িত পোশাক।
.png)
১৯৮৯ সালে বিয়ে হয় ক্যাফথি প্রায়রের। বিয়ের পর সেই পোশাক পরিষ্কার করতে লন্ড্রিতে দিয়েছিলেন। তারপর থেকে বাক্সে ভরেই রাখা ছিল তা। ক্লিনার্স থেকে এনে সে সময় খুলেও দেখেননি তিনি। সম্প্রতি তিনি দেখেন পোশাকটি তার নয়। এর পরে সেই ঘটনার কথা তিনি লিখেছিলেন নিজের ফেসবুক প্রোফাইলে।
আর সেই পোস্টটি নজরে আসে কায়লা হটসনের। তিনি জানেট জনসনের মেয়ে। কায়লা মায়ের বিয়ের পোশাক পরবেন বলে ঠিক করে কিছুদিন আগেই জানতে পারেন সেটি বাড়িতে নেই। বাক্স খুলে দেখাতেই এই পোশাক তার নয় বলে জানান জানেট জনসন।
এরপর কায়লা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেন প্রায়রের সঙ্গে। ছবি চালাচালি করতেই বুঝতে পারেন প্রায়রের পোশাক রয়েছে জানেটের কাছে। আর প্রায়রের কাছে থাকা পোশাকটি জানেটের। এর পর দেখা করে তারা নিজেদের পোশাক ফিরেও পেয়েছেন। তাও আবার বিয়ের ৩১ বছর পর।