ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কৃষ্ণাঙ্গ ড্যানিয়েল প্রুড হত্যা: ৭ মার্কিন পুলিশ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ৪ সেপ্টেম্বর ২০২০
কৃষ্ণাঙ্গ ড্যানিয়েল প্রুড হত্যা: ৭ মার্কিন পুলিশ বরখাস্ত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রোচেস্টারে গত মার্চ মাসে কৃষ্ণাঙ্গ ড্যানিয়েল প্রুডকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সাত মার্কিন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। এমনটি জানিয়েছেন রোচেস্টারের মেয়র লাভলি ওয়ারেন।

বরখাস্ত ঘোষণা করার সময় লাভলি ওয়ারেন আরো বলেন, সুসংহত বর্ণবাদই এই মৃত্যুর কারণ। জানা গেছে, ওই সাত মার্কিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত হলেও তাদের বেতন-ভাতা পাবেন।

বৃহস্পতিবার ড্যানিয়েল প্রুডের পরিবার এক সংবাদ সম্মেলনে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যাচ্ছে, নগ্ন হয়ে প্রুড রাস্তায় দৌড়াচ্ছেন। তখন পুলিশ অফিসাররা তাকে ধরেন। তার মুখে ঠুলি পরিয়ে দেয়া হয়। তার মাথা ফুটপাতে দুই মিনিট ধরে চেপে রাখা হয়। এর ফলে শ্বাস আটকে জ্ঞান হারান প্রুড ।

পুলিশের দাবি, প্রুড যাতে থুথু ফেলতে না পারেন, তার জন্য তারা এই কাজ করেছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাতদিন পর তার পরিবার লাইফ সাপোর্ট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় তার মৃত্যু হয়।

প্রুড ছিলেন মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছিল। তাকে মানসিক হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নগ্ন হয়ে রাস্তা দিয়ে দৌড়তে থাকেন। তার মাসী লেটোরিয়া মুর জানিয়েছেন, তার কী মনে হয়েছিল, কেন তিনি দৌড়চ্ছিলেন, কোন পরিস্থিতিতে দৌড়চ্ছিলেন, সে সব আমি জানি না। আমি শুধু জানি, এভাবে পুলিশি অত্যাচার অন্যায়। পুলিশ কেন এ ভাবে তাকে হত্যা করবে?

জানা গেছে, যে সময় ঘটনাটি ঘটে, তখন বিষয়টি নিয়ে কোনো হইচই হয়নি। তবে ভিডিও প্রকাশের পর শুরু হয়েছে। কারণ মাত্র কয়েক মাস আগেই এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্রেফতার করার পর এক পুলিশ কর্মকর্তা তাকে হাঁটু দিয়ে গলা চেপে ধরার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। বছর ৪৬-এর ওই ব্যক্তি ছিলেন নিরস্ত্র। এই ঘটনার ভিডিও প্রকাশ হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সেই ঘটনার রেশ কাটার আগেই আগস্টের শেষ দিকে কেনোশা শহরে জ্যাকব ব্লেক পুলিশি বর্বরতার শিকার হয়। তিনিও ছিলেন কৃষ্ণাঙ্গ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!