মেয়ের ওপর প্রতিশোধ নিতে নাতনিকে বিক্রি করলেন নানি
অপছন্দের ছেলেকে বিয়ে করায় মেয়ের সঙ্গে মা-বাবার মনোমালিন্য সৃষ্টি হয়। মেয়ের ওপর মনোমালিন্যের প্রতিশোধ নিতে গিয়ে এক মাসের নাতনিকে এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন নানি।
সম্প্রতি ভারতের তেলেঙ্গনার হুজুরাবাদ জেলায় এমন ঘটনা ঘটেছে।
সংবাদ মাধ্যমের খবর, চার বছর আগে পরিবারের অপছন্দের ছেলেকে বিয়ে করেন মেয়ে পদ্মা। এতে মেয়ের সঙ্গে বাবা-মায়ের নানা বিষয়ে মনোমালিন্য হয়। কয়েকদিন আগে স্বামী ও এক মাসের মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন পদ্মা। বাড়িতে আসার পরে মায়ের সঙ্গে মনোমালিন্য আরো জটিল হয়। তারপর নিখোঁজ হয়ে যায় পদ্মার মেয়ে। নিখোঁজের খবরে এলাকায় হইচই পড়ে যায়।
এ বিষয় জানাজানি হলেই ১০০-তে ফোন করে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের তদন্তে শিশুটির নানি কানখাম্মা স্বীকার করেন, তিনি নাতনিকে বিক্রি করেছেন। অশান্তির জেরে নানি কানখাম্মা এমন কাণ্ড ঘটান বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, ১০০ ডায়ালে শিশু নিখোঁজের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে পদ্মা জানান, সন্দেহের তালিকার প্রথম স্থানেই তার মা রয়েছেন। এরপর পুলিশ কানখাম্মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
জিজ্ঞাসাবাদে নানি কানখাম্মা জানান, জেদের বশে নাতনিকে এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। পরে পেদ্দাপল্লি জেলা থেকে এক মাসের মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। কানখাম্মার পাশাপাশি শিশুর ক্রেতাকেও গ্রেফতার করা হয়েছে।