[ আন্তর্জাতিক ]
ইতালিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২
ছবি: সংগৃহীত
ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ লোডিতে একটি দ্রুত গতির ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভোরে দ্রুতগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ফলে দেশটির অন্যতম ব্যস্ত শহর মিলান এবং বোলোগনার ট্রাফিক ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
ইতালির নাগরিক সুরক্ষা ইউনিটের প্রধান জানিয়েছেন, নিহত দুজন ট্রেনের চালক ছিলেন। এছাড়া সেখানে আরো ২৭ জন আহত হয়েছেন। তবে আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়। ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে প্রদেশটির প্রতিনিধি মার্সেলো কার্ডোনা বলেন, এটি সৌভাগ্যের ব্যাপার যে সেখানে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটিতে মাত্র ৩৩ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় ভোর ৫টা ১০মিনিটের ট্রেনটি মিলান থেকে ছেড়ে দক্ষিণাঞ্চলীয় শহর সালেরনো যাচ্ছিলো। এ দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির রাজ্য রেলপথ বিভাগ।
সূত্র- রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!