ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ১১ জানুয়ারি ২০২০
আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া

পারস্য উপসাগর সংলগ্ন উত্তর আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে (ডেস্ট্রয়ার) ধাওয়া করেছে রাশিয়ার যুদ্ধজাহাজ। মার্কিন নৌবাহিনী বলছে, বারবার সতর্কবার্তা পাঠানো সত্ত্বেও বৃহস্পতিবার রুশ ওই যুদ্ধজাহাজটি ডেস্ট্রয়ারের পিছু নেয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ভিডিও ফুটেজসহ ওই ঘটনার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।  

জানা গেছে, ঘটনার সময় জাহাজ দুটি পরস্পরের মধ্যে ১৮০ মিটার দূরত্বে চলে আসলে গতি পরিবর্তন করে রাশিয়ান যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্র এ ঘটনাকে ‘অনিরাপদ’ ও ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করেছে।

সিএনএন বলছে, মার্কিন ডেস্ট্রয়ার ফারাগাট আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী পাঁচটি বিস্ফোরণ ঘটিয়ে রুশ যুদ্ধ জাহাজকে নিরাপদে যেতে অনুরোধ করে। সেই অনুরোধ উপেক্ষা করায় সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। তবে শেষ মুহুর্তে রেডিও যোগাযোগ স্থাপন করা হলে গতি পরিবর্তন করে রুশ যুদ্ধজাহাজ।
 
এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ইউএসএস ফারাগাট বিপজ্জনক কৌশল অবলম্বন করেছিলো। মার্কিন নৌবাহিনী ‘বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ এবং তারা ‘অপেশাদারির’ মতো আচরণ করে।

মধ্যপ্রাচ্যের জলসীমায় টহলরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার উত্তর আরব সাগরে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় আমাদের ইউএসএস ফারাগাটের দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ।

বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক সংকেতের নিয়ম মেনে সংঘর্ষের আশঙ্কা থেকে ইএসএস ফারাগাট পাঁচটি ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। এছাড়া রাশিয়ান জাহাজটিকে গতিপথ বদলেরও অনুরোধ করা হয়। তবে, প্রথমে অস্বীকার করলেও পরে গতিপথ বদল করে তারা।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!