ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

হাইটেক পার্কে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৭, ১৫ আগস্ট ২০২৪
হাইটেক পার্কে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
অভিযুক্ত তিন কর্মচারী

রাজধানীর আগারগাঁওয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিনিয়র সাংবাদিক এস এম ইমদাদুল হক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি অনলাইন নিউজ পোর্টাল ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এ ঘটনা ঘটে। এরই মধ্যে হামলার শিকার ইমদাদুল হক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে সাংবাদিক ইমদাদ জানান, দুপুরের দিকে আইসিটি টাওয়ারে গিয়ে তিনি দেখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীরা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। তাদের স্লোগান শুনে দেখতে যান ইমদাদ। এরপর আন্দোলনকারীরা চলে যেতে বললে ইমদাদ চলে যাচ্ছিলেন। এ সময় ইমদাদকে পেছন থেকে জাপটে ধরে এলোপাতাড়ি কিলঘুষি দেন হিসাবরক্ষক মোশারফ হোসেন পারভেজ ও কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী মো. সেলিম মাহমুদ।

Advertisement

পরিস্থিতি ভয়াবহ দেখে এমডির কক্ষের দিকে যান ইমদাদ। এ সময় হাই-টেক পার্কের অন্য কর্মকর্তারা তাকে রক্ষা করতে ছুটে এলে তাদের কাছ থেকে ইমদাদকে ছিনিয়ে নিয়ে আবারও ওপর আক্রমণ করেন হামলাকারীরা। এ সময় হামলাকারীদের উৎসাহ দেন আরেক কর্মচারী শর্মিলী খাতুন।

ইমদাদ বলেন, কোনোমতে আমি প্রাণ নিয়ে প্রথমে জনসংযোগ কর্মকর্তার রুমে আশ্রয় নিয়েছি এবং পরে তাদের পাহারায় এমডির রুমে যাই। ঘটনাদৃষ্টে তাদের আচরণ কর্মচারীর চেয়ে সন্ত্রাসী বলেই মনে হয়েছে। পরবর্তীতে আমার সহকর্মীরা আমাকে রক্ষায় এমডির রুমে এসে আলাপ করে দোষীদের শাস্তি দাবি করেন।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজ হাইটেক পার্কের সংবাদ সংগ্রহের সময় ডিজিবাংলার নির্বাহী সম্পাদক ইমদাদুল হকের ওপর অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা যে হামলা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বিনীত অনুরোধ করছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!