বন্ধুর গতিবিধি ও অবস্থান গুগল ম্যাপসে জানবেন যেভাবে
আপনি এখন কোথায় আছেন, তা যে কাউকে জানাতে পারবেন সুনির্দিষ্টভাবে। তাছাড়া যে কেউও আপনাকে তার সুনির্দিষ্ট অবস্থান শেয়ার করতে পারবেন গুগল ম্যাপসের মাধ্যমে। আর ম্যাপসে দেখানো নির্দেশনা ঠিকঠাক অনুসরণ করলে পৌঁছে যাওয়া যাবে সহজে গন্তব্যে।
তাছাড়া গুগল ম্যাপসে রিয়েল টাইম বা তাৎক্ষণিক অবস্থানও শেয়ার করা যায়। ধরুন, আপনি মতিঝিল থেকে ঢাবি টিএসসি হয়ে ধানমন্ডি যাবেন। যার সঙ্গে অবস্থান শেয়ার করবেন, তিনি দেখতে পাবেন আপনি কোন পথে এগোচ্ছেন, এখন আছেন কোথায়।
ম্যাপসে তাৎক্ষণিক অবস্থান শেয়ার করবেন যেভাবে
* গুগল ম্যাপস খুলে সাইন-ইন করে নিন।
* পর্দার ওপরের দিকে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘লোকেশন শেয়ারিং’ থেকে ‘শেয়ার লোকেশন’ বা ‘নিউ শেয়ার’ নির্বাচন করুন।
* কতক্ষণ আপনার রিয়েল টাইম অবস্থান শেয়ার করতে চান, তা নির্ধারণ করে দিন।
* আপনার গুগল কন্ট্যাক্টসের তালিকায় থাকা কারও সঙ্গে শেয়ার করতে পারেন। এছাড়াও লিংক কপি করে ই-মেইল, এসএমএস বা অন্য কোনো মাধ্যমেও পাঠাতে পারবেন।
* রিয়েল টাইম লোকেশন শেয়ার করা বন্ধ করতে চাইলে লোকেশন শেয়ারিংয়ে গিয়ে ‘স্টপ’ নির্বাচন করতে হবে।
গন্তব্যের ঠিকানা শেয়ার করবেন যেভাবে
* আইফোন বা অ্যানড্রয়েড স্মার্টফোনে ‘গুগল ম্যাপস’ অ্যাপ খুলুন।
* যে অবস্থান শেয়ার করতে চান, সেটি খুঁজে বের করে ফোনের পর্দায় নির্দিষ্ট অবস্থানে কিছুক্ষণ ধরে রাখুন। ম্যাপসের আইকনের মতো ‘পিন’ দেখাবে সেখানে।
* নিচের দিকে ওই জায়গার নাম বা ঠিকানায় ট্যাপ করুন।
* এরপর শেয়ার আইকনে ট্যাপ করুন। আইকনটি খুঁজে না পেলে ‘মোর’ থেকে শেয়ার খুঁজে নিন।
* এরপর যে অ্যাপের মাধ্যমে শেয়ার করতে চান, সেটি নির্বাচন করতে হবে।