ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

কক্সবাজার রুটে সরাসরি ট্রেনের সুযোগ পাচ্ছে ৫ জেলার মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯, ২৬ অক্টোবর ২০২৬
কক্সবাজার রুটে সরাসরি ট্রেনের সুযোগ পাচ্ছে ৫ জেলার মানুষ
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তঃনগর ‘মহানগর এক্সপ্রেস’ (৭২১/৭২২) ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করা হয়েছে। সোমবার থেকে ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম হয়ে সরাসরি সমুদ্রনগরী কক্সবাজারের উদ্দেশে চলাচল করবে। রেলপথের নতুন এই সংযোগের ফলে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী—এই পাঁচ জেলার অধিবাসীরা প্রথমবারের মতো সরাসরি ট্রেনে চেপে কক্সবাজারে যাতায়াতের দারুণ সুযোগ পাচ্ছেন।

রেলপথ মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এই সম্প্রসারিত সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী শেখ রবিউল আলম। এ উপলক্ষে কমলাপুর স্টেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাঁর মতবিনিময় কর্মসূচির কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

নতুন নির্দেশিত সময়সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে রওনা হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। সেখানে ২০ মিনিটের যাত্রাবিরতি শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কমলাপুর পৌঁছাবে।

অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রাম থেকে রাত ৩টায় পুনরায় ছেড়ে সকাল ৬টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে। ৭০০-এর বেশি আসনসম্পন্ন এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি রাখা হয়েছে রবিবার।

রেলপথে সরাসরি কক্সবাজার যাতায়াতের সংবাদে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ট্রেনটির বর্ধিত চলাচলের টিকিট বিক্রি শুরু হতেই নিমেষেই শেষ হয়ে যায় প্রথম ও পরবর্তী দিনগুলোর টিকিট। যাত্রীরা বলছেন, আগে চট্টগ্রাম গিয়ে পুনরায় বাস বা অন্য ট্রেনে কক্সবাজার যেতে হতো, নতুন এই সিদ্ধান্তে সময় ও কষ্ট দুটোই সাশ্রয় হবে।

তবে শিডিউল বিপর্যয় বা নির্ধারিত সময় রক্ষা করা নিয়ে একধরনের আশঙ্কাও দেখা দিয়েছে। কারণ ট্রেনটি মাত্র একটি ‘রেক’ (একই ট্রেনে যাওয়া-আসা) দিয়ে পরিচালিত হবে। ঢাকা ও কক্সবাজারে ইঞ্জিন পরিবর্তন এবং ধোয়ামোছার কাজের জন্য মাত্র দুই থেকে তিন ঘণ্টা সময় পাওয়া যাবে। এর মাঝে যাত্রাপথে কোনো কারণে বিলম্ব হলে নির্ধারিত সময়সূচি ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

উল্লেখ্য, নতুন উদ্বোধনী যাত্রার প্রস্তুতির অংশ হিসেবে সোমবারের চট্টগ্রাম-ঢাকা রুটের নিয়মিত যাত্রাটি বাতিল করে ট্রেনের খালি রেক রবিবার রাতেই ঢাকায় নিয়ে আসা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!