ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

ঈদের সকাল-দুপুর-রাতের স্বাস্থ্যসম্মত খাবার

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ১৩ মে ২০২১
ঈদের সকাল-দুপুর-রাতের স্বাস্থ্যসম্মত খাবার
ঈদের স্বাস্থ্যসম্মত খাবার। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ঈদ। মুসলিমদের জন্য দিনটি আনন্দের। কারণ দীর্ঘ একমাস সিয়াম সাধনের পর কাঙ্ক্ষিত এই দিনটি আসে। তাইতো দিনটিকে ঘিরে প্রত্যেক মুসলিমেরই খুশি আর আনন্দের সীমা থাকে না।

তবে এই দিন খাবার-দাবারের প্রতি একটু সতর্ক না হলে সব আনন্দই মাটি হয়ে যাবে। কারণ দীর্ঘ একমাস রোজা রাখার ফলে আমাদের খাওয়া, ঘুম এবং অন্যান্য অনেক কাজে পরিবর্তন আসে। ঈদের দিন থেকে আমরা আমাদের পুরানো রুটিনে ফিরে যাই। তাই এই দিন অনেক সময় বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। যেমন : বদহজম, কোষ্ঠকাঠিন্য, এসিডিটি বা গ্যাস, পাতলা পায়খানা ইত্যাদি। তাই ঈদের দিন অনাকাঙ্ক্ষিত অসুস্থতা বা সমস্যা এড়াতে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

সবারই উচিত ঈদের মেন্যুতে পুষ্টি ও স্বাদের সমন্বয় করা। চলুন তবে জেনে নেয়া যাক ঈদের সকাল-দুপুর-রাতের স্বাস্থ্যসম্মত খাবার কীভাবে বাছাই করবেন-  

ঈদের মিষ্টান্ন খাবার

ঈদের মিষ্টান্ন খাবার সবার কাছেই খুব প্রিয়। ঘরে তৈরি মিষ্টান্ন স্বাদ ও পুষ্টিকর হয়ে থাকে। দুধের মিষ্টান্ন অনেক স্বাস্থ্যকর। তাই ঈদের মিষ্টি দুধের তৈরি হলে সেটি থেকে ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায়। সেইসঙ্গে প্রচুর প্রোটিনও চলে আসে। তবে চিনির সিরার মিষ্টি এড়িয়ে চলা ভালো। তবে রোগীদের ক্ষেত্রে যেকোনো খাবারই বুঝেশুনে খাওয়া ভালো।

সকালের খাবার

ঈদের দিন সকালে হালকা খাবার খান। পাতলা তেল ছাড়া পরোটা বা রুটির সঙ্গে একটু ভিন্ন স্বাদের সবজি, যেমন- সবজির কোরমা বা দম বা নিরামিষ খেতে পারেন। ঈদে সারা দিন অনেক রকম প্রোটিনজাতীয় খাবার খাওয়া হয়, তাই কেউ চাইলে সকালের খাবারে প্রোটিন এড়িয়ে যেতে পারেন। সকালের নাশতায় একটা ফল থাকলে ভালো হয়। কেননা, সারা দিন বেড়ানোর পর হয়তো দৈনিক ফলের চাহিদা নাও পূরণ হতে পারে। তাই সকালে ফল খেয়ে নেয়া ভালো।

দুপুরের খাবার

ঈদের দিন দুপুরে পোলাও বা হালকা মশলার খিচুড়ি থাকতে পারে মেন্যুতে। সেইসঙ্গে মাছের কোনো রেসিপি ও সবজি থাকলে ভালো। টক দই, সবজির সালাদ আপনাকে হজমে সাহায্য করবে। তাই সালাদ রাখবেন ঈদের দুপুরের মেন্যুতে।

রাতের খাবার

কেউ যদি মনে করেন, রাতে ভালো খাবার খাবেন, সেক্ষেত্রে মাছ বা মাংসের ভিন্নধর্মী রান্নার সঙ্গে ভাত খেলেও মেন্যুটা অনেক স্বাস্থ্যকর হবে।

ঈদের রাতে দাওয়াতে গেলেও ভালো খাবার, আবার বাড়িতে থাকলেও ভালো খাবার। তাই রাতের খাবারের মেন্যু একটু ভিন্নভাবে করলে ভালো। যেমন-মাংসের কোনো রেসিপি ঈদের রাতের মেন্যুতে থাকতে পারে। সেইসঙ্গে পোলাও বা অল্প তেলের বিরিয়ানি থাকতে পারে। এছাড়া কাবাব, গ্রিল, বেক বা স্যালোফ্রাই করলে স্বাদের পাশাপাশি খাবার স্বাস্থ্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!