ফেলে দেয়া মাস্ক-গ্লাভসে ছড়ায় করোনাভাইরাস!
চাঁদপুরে করোনাভাইরাস মোকাবিলায় অধিকাংশ মানুষ মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করলেও ব্যবহারের পর তা ফেলে দিচ্ছেন যত্রতত্র। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে মাস্ক ও হ্যান্ড গ্লাভস যত্রতত্র পড়ে থাকতে দেখা গেছে।
শহরের মেডিসিনের দোকানের সামনে, কালীবাড়ি মন্দিরের সামনে, রেলওয়ে স্টেশন এলাকায়, রেলস্টেশন ফ্লাটফর্মের ভেতরে, বিভিন্ন হোটেলের সামনে, ব্যাংকের সামনে, বিভিন্ন হাটবাজারে, সরকারি বা বেসরকারি হাসপাতাল, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে সামনে, শহরের পালবাজারের প্রধান ফটকে, থানা সড়কে, শহরে যানবাহন চলাচলের প্রধান সড়কে, জনবহুল স্থানে, পৌরসভা কর্তৃক নতুন করে নিমার্ন করা ফুটপাতে, পয়ঃনিস্কাশনের খালে, বিলে, ক্ষেতে, চাষাবাদের জমিতে, বাসাবাড়ির ছাদে, টিনসেড ঘরের চালায়, দুই বিল্ডিংয়ের মাঝ খানে থাকা খালি জায়গায়, ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে ও ভেতরে টয়লেটের সামনে ব্যবহার করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস পড়ে থাকতে দেখা গেছে।
.png)
বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, এভাবে রাস্তায় ফেলে যাওয়ার কারণে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত যে কোনো জিনিসপত্র থেকে ভাইরাসটি অন্যদের মধ্যে ব্যাপক সংক্রমিত হতে পারে। চাঁদপুর শহরবাসীর মতে, অসচেতনভাবে মাস্ক, হ্যান্ড গ্লাভস রাস্তায় ফেলে রাখার প্রবণতায় ভাইরাস ছড়াতে পারে।
আইয়ুব আলী নামের একজন পথচারী বলেন, মানুষ যে এভাবে যেখানে সেখানে মাস্ক, গ্লাভস ফেলে যাচ্ছে, এটা তো অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ চলার পথে এসব জিনিস অন্যদের হাতে-পায়ে লাগতে পারে, বাতাসে ছড়াতে পারে।
চাঁদপুরের সিভিল সার্জন মো. শাখায়াত উল্লাহ বলেন, ব্যবহার করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস মারাত্মক ঝুঁকিপূর্ণ। এগুলো সুনির্দিষ্ট বক্সে ফেলা উচিত। পড়ে থাকা মাস্ক ও হ্যান্ড গ্লাভস থেকে করোনাভাইরাস ছড়াতে পারে এতে কোনো সন্দেহ নেই। পড়ে থাকা মাস্ক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। চাঁদপুর পৌর কর্তৃপক্ষ এগুলো অপসারণ করা অতি জরুরি প্রয়োজন। পড়ে থাকা ব্যবহৃত মাস্ক থেকে বাতাসেও ভাইরাস ছড়াতে পারে।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার বলেন, দেশের এ ভয়াবহ অবস্থায় চাঁদপুরের ওষুধ ব্যবসায়ীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সব প্রকার রোগীর জন্য সেবা দিয়ে যাচ্ছে। চাঁদপুর শহরের রাস্তাঘাট, ফুটপাত যেখানে সেখানে পড়ে থাকা মাস্ক ও হ্যান্ড গ্লাভস থেকে করোনাভাইরাস ছড়াতে পারে শতভাগ। ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস পড়ে থাকায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। আসলে এ মাস্ক এখন সবাই ব্যবহার করছে। এগুলো যেখানে সেখানে না ফেলার জন্য পৌরসভা ও প্রশাসন থেকে শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে নির্দিষ্ট স্থানে ঢাকনা যুক্ত বক্স দেয়া একান্ত প্রয়োজন।