জেল হতে পারে অর্জুনের
ব্যাংকে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বলিউডে অভিনেতা অর্জুন রামপালের বিরুদ্ধে মামলা হয়েছে। আর এ মামলার কারণে জেল হতে পারে অভিনেতার।
ওয়াইটি এন্টারটেনমেন্ট নামে একটি সংস্থা অর্জুনের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে ঋণখেলাপির মামলা দায়ের করে।
ওই সংস্থার আইনজীবী জানিয়েছেন, ২০১৮ সালের মে মাসে ওই সংস্থার কাছ থেকে শর্তসাপেক্ষে এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন অর্জুন। তিন মাসের মধ্যে এই ঋণ পরিশোধসহ প্রতি বছর সুদ দিতে হবে ১২ শতাংশ হারে। কিন্তু ঋণ নিয়ে এই শর্ত পূরণ করতে পারেননি তিনি। তাই অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ওই সংস্থা।
সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে, অর্জুন এক কোটি টাকার যে চেকটি দেন, তার তারিখ ছিল পুরনো। ফলে সেই চেক বাউন্স হয়ে যায়। এরপরেই অভিনেতাকে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
গত অক্টোবরে ‘নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১’ এর ১৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে রামপালের বিরুদ্ধে। তখনই তাকে আগামী সুদসহ সম্পূর্ণ টাকা শোধ করতে বলা হয়। কিন্তু বেশ কয়েকমাস কেটে গেলেও, এখনো কোনো টাকা তিনি পরিশোধ করেননি বলে দাবি করেছে সংস্থাটি।
এ প্রসঙ্গে অর্জুন জানান, ছোট একটি সমস্যা হয়েছিল, তবে তা মিটে গেছে। বাকি ব্যাপারে আদালতের বিচারাধীন বলে মন্তব্য করতে রাজি হননি তিনি।
ডেইলি বাংলাদেশ/টিএএস