ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আসছে ঈদে মুক্তি পাবে শাকিব খানের ‘মহব্বত’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০১:১৮, ২ অক্টোবর ২০২৬
আসছে ঈদে মুক্তি পাবে শাকিব খানের ‘মহব্বত’
ছবি: সংগৃহীত

ভালোবাসার গল্পে আবারও শাকিব খান। অ্যাকশন, রোমাঞ্চ আর গানের চরিত্র পেরিয়ে এবার তাকে দেখা যাবে পুরোদস্তুর প্রেমের আবহে। নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এ অভিনয় করবেন ঢাকাই সিনেমার এই তারকা।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির নাম প্রকাশের পাশাপাশি সামনে এসেছে প্রথম পোস্টার। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Advertisement

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে একের পর এক অ্যাকশননির্ভর চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এ তার চরিত্রগুলো ছিল রুক্ষ ও দুর্ধর্ষ মেজাজের। চলতি বছরের কোরবানির ঈদে ‘রকস্টার’-এ গায়ক চরিত্রে হাজির হয়েও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। সেই ধারার বাইরে এবার প্রেমের গল্প নিয়ে পর্দায় আসছেন অভিনেতা।

‘মহব্বত’ নির্মাণ করছেন হিমেল আশরাফ। প্রেমের গল্পের নির্মাতা হিসেবে এরই মধ্যে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। শাকিব খানকে নিয়ে তার নির্মিত ‘প্রিয়তমা’ দর্শক-আলোচনায় সাড়া ফেলার পর ‘রাজকুমার’-এও এই জুটি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে। দুই বছরেরও বেশি সময় পর আবারও একই নির্মাতার সিনেমায় যুক্ত হলেন শাকিব।

শাকিবের ‘মহব্বত’-এ ফেরার খবর অবশ্য আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এলো সিনেমার নাম। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করেন হিমেল আশরাফ। পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন। তার হাত ধরে রয়েছেন এক তরুণী। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা-‘মহব্বত’। তবে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সিনেমাটির নাম প্রকাশ করে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’

শুধু নাম নয়, সিনেমাটির মুক্তির সময়ও ঘোষণা করা হয়েছে। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর এই সিনেমাতেও শাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান একসঙ্গে কাজ করছেন। ফলে পরিচিত এই টিমের নতুন সিনেমা ঘিরে এরই মধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!