ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রথমবার যুক্তরাষ্ট্রের মঞ্চে তমালিকা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার যুক্তরাষ্ট্রের মঞ্চে তমালিকা
মামুনুর রশীদ ও তমালিকা কর্মকার

নন্দিত অভিনেত্রী তমালিকা কর্মকার এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার জেফারসন স্ট্রিটের ‘সিটি অব আলেকজান্দ্রিয়া লি সেন্টার’-এ মঞ্চস্থ হবে তাঁর অভিনীত নাটক ‘অমানুষ’।

নাটকটি প্রযোজনা করছে সূচনা থিয়েটার। প্রায় ৩১ বছর আগে বরেণ্য নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ সমাজের নানা অবক্ষয়কে উপজীব্য করে ‘অমানুষ’ রচনা করেন। দীর্ঘ সময় পর যুক্তরাষ্ট্রের মঞ্চে নাটকটির প্রদর্শনী হতে যাচ্ছে। এ সময় পাশে পাচ্ছেন নাট্যজগতের গুণী ব্যক্তিত্ব মামুনুর রশীদকে।

Advertisement

যুক্তরাষ্ট্রের মঞ্চে প্রথমবার অভিনয় নিয়ে কিছুটা নার্ভাস তমালিকা। তবে তাঁর বিশ্বাস, মামুনুর রশীদের আশীর্বাদ ও সহযোগিতা তাঁকে আত্মবিশ্বাসী করে তুলবে।

‘অমানুষ’-এ অভিনয় প্রসঙ্গে তমালিকা বলেন, এই নাটক নিয়ে তাঁর দায়িত্ব অনেক বেড়ে গেছে। যত অভিজ্ঞ অভিনেত্রীই হোন না কেন, মঞ্চে উঠলেই দর্শকের সামনে নতুন করে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। তাঁর মতে, মঞ্চনাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শ্রেণিসংগ্রামেরও একটি শক্তিশালী হাতিয়ার।

সরাসরি দর্শকের প্রতিক্রিয়া পাওয়ার আকর্ষণকে নিজের নেশা হিসেবে উল্লেখ করে তমালিকা বলেন, মঞ্চে অভিনয় করে দর্শকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার অভিজ্ঞতায় তিনি বারবার ডুবে যেতে চান। যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য নাট্যনির্দেশক জান্নাতুল টুম্পা এবং সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

বাংলাদেশের টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চে দীর্ঘদিন ধরে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তমালিকা কর্মকার। বিটিভির ‘কোন কাননের ফুল’, ‘কোথাও কেউ নেই’ ও ‘সারাবেলা’ নাটকে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। ‘অন্য জীবন’ সিনেমায় অভিনয় করেও দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।

পরে খ্যাতিমান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদের আহ্বানে তাঁর নাট্যদল ‘আরণ্যক’-এ যুক্ত হন তমালিকা। ১৯৯২ সালে আরণ্যকের হয়ে মঞ্চে প্রথম অভিনয় করেন আজিজুল হাকিমের নির্দেশনায় মামুনুর রশীদ রচিত ‘পাথর’ নাটকে।

এরপর ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘রাঢ়াং’, ‘শত্রুগণ’, ‘উপরওয়ালা’, ‘বঙ্গভঙ্গ’, ‘দ্য জুবিলি হোটেল’, ‘ইবলিশ’, ‘হেলাখেলা’ ও ‘প্রাকৃতজন কথা’সহ আরণ্যকের আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তমালিকা কর্মকার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!