ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের যত পুরস্কার অর্জন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২২
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের যত পুরস্কার অর্জন
লতা মঙ্গেশকর- ফাইল ফটো

পুরো বিশ্বকে সুরের মূর্ছনায় মোহিত করা ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে ভারতে দুইদিনের শোক ঘোষণা করা হয়েছে। 

সংগীত জগতে কিংবদন্তি লতা মঙ্গেশকর আঞ্চলিক ও বিদেশিসহ ৩৬ ভাষায় ৩০ হাজার গান গেয়েছেন। এরমধ্যে এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান গেয়েছেন তিনি। শিল্পী জীবনে এসব গান তাকে নানা সময়ে সম্মানজনক পুরস্কারে ভূষিত করেছে।

১৯৮৯ সালে লতাকে ‘দাদাসাহেব ফাল’কে পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘ভারতরত্ন’ পুরস্কারে ভূষিত করা হয়। এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এ পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে।

তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, চারটি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, দু’টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।

পাঁচ ভাইবোনের মধ্যে লতা সর্বজ্যেষ্ঠ। তার বাকি ভাইবোনেরা হলেন- আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর।

উল্লেখ্য, টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকাল সোয়া ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!