শীতও বাধা দিতে পারেনি সাইমনের শখকে
তারকা মানেই লাইট ক্যামেরার ঝলকানি। তবে সে কারণে যে তাদের শখ থাকবে না তা কিন্তু নয়। আর এ কারণেই একেক তারকার শখ একেক ধরনের হয়। কারোর ছাদ বাগান করার শখ, আবার কারোর ভ্রমণ! এছাড়াও নানা তারকার নানান শখ। তেমনি মাছ ধরার শখ রয়েছে অভিনেতা সাইমন সাদিকের।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা সাইমন সাদিকের ভালো লাগার একটি কাজ মাছ ধরা। তিনি নিজেই সেই কথা জানিয়েছেন। তাকে প্রায়ই দেখা যায় সুযোগ হলে মাছ ধরতে নেমে যান তিনি কাদা-জল মেখে। কিশোরগঞ্জ সদরের কলাপাড়া এলাকার ছেলে সাইমন। বেড়ে উঠেছেন হাওর-বাঁওড় আর প্রকৃতির সান্নিধ্যে। গ্রামে এলেই সেই পুরোনো দিনগুলোর মতো বন্ধুদের নিয়ে মেতে থাকেন আড্ডায়, তারকাসুলভ আচরণকে পাশ কাটিয়ে। তার জন্য এলাকায় বেশ প্রশংসিতও ‘পোড়ামন’খ্যাত এ নায়ক।

.png)
গ্রামে এলেই খোঁজ করেন কোথাও মাছ ধরার সুযোগ মেলে কি না। সুযোগটি এলে সেটি মিস করেন না তিনি। তেমনি সুযোগ পেয়ে কনকনে শীতের মধ্যেও নেমে পড়লেন জলাশয়ে। মাছ ধরার ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন সাইমন। দেখা গেল টাকি, কই, শোল, পুঁটি, শিংসহ আরও অনেক মাছই ধরা পড়েছে সাইমন ও তার টিমের কাছে।
সাইমন সেই অভিজ্ঞতা জানিয়ে বলেন, টানা শুটিং করেছি কয়েক দিন। একটু অবসর নিতেই ভাবলাম গ্রামে যাই। বাবা-মাকে দেখে আসি। তাছাড়া গ্রামে শীতের যে আমেজ সেটা শহরে একদমই নেই। গ্রামে এসে বন্ধুদের নিয়ে মাছ ধরার সুযোগ পেয়ে নেমে পড়লাম। অনেক মাছ ধরা পড়েছে আজ।
প্রসঙ্গত, ‘জান্নাত’ সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র খ্যাত নায়ক সাইমন বর্তমানে কাজ করছেন ‘আনন্দ অশ্রু’, ‘কাজের ছেলে’সহ বেশকিছু ছবিতে।