অর্থের কাছে হেরে যাচ্ছে শিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’
‘ম্যাডাম ফুলি’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শিমলা। ২০১৪ সালে এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে একটি চলচ্চিত্র। এটি নির্মাণ শুরু করেন নির্মাতা রুবেল আনুশ। নির্মাতা তার নির্মাণ শৈলীতে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন অসম প্রেমের গল্প।
এখানে শিমলার বিপরীতে অভিনয় করেন ‘ঘেটুপুত্র’ সিনেমা খ্যাত অভিনেতা মামুন। শুরুটা বেশ ভালোই ছিল। কিন্তু কিছুদিন যেতেই থেমে যায় এ ছবির কাজ।
নির্মাতা রুবেল আনুশ বলেন, একজন প্রযোজক নিয়ে সিনেমাটির কাজ শুরু করি। কিছুদিন যেতেই প্রযোজক অনৈতিক কার্যক্রমের প্রস্তাব দেন। আমি এতে আপত্তি জানালে তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান।
তিনি বলেন, এরপর আমি নিজেই সিনেমাটি প্রযোজনা শুরু করি। এক পর্যায়ে আমার বাবার সম্পত্তি করে এর শুটিং বিক্রি করি। এতেও শেষ করতে পারিনি সিনেমাটির কাজ। এই সিনেমাকে কেন্দ্র করে আমার বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। এক পার্যায়ে টাকা ধার করে সিনেমাটির বাকি অংশের কাজ শেষ করি।
এই নির্মাতা জানান, দুই বছর আগে সিনেমাটির শুটিং শেষ হলেও মুক্তি পায়নি। সিনেমাটির সম্পাদনা ও মুক্তির জন্য এখন কিছু টাকা প্রয়োজন। এই অর্থের জোগান দিতে পারছি না। প্রযোজক ম্যানেজ করতে অনেক ঘুরেছি। কিন্তু পাওয়া যায় না।
শিমলা-মামুন ছাড়াও এই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিনসহ অনেকে। বর্তমানে ছবির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘প্রেম কাহন’।