চলচ্চিত্রকার ছটকু আহমেদ হাসপাতালে ভর্তি
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য চলচ্চিত্রকার ছটকু আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্তের দুই দিন পর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বরেণ্য এ চলচ্চিত্রকারকে হাসপাতালে ভর্তি করার খবর নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা।
অপূর্ব রানা বলেন, গত ১৬ আগস্ট বরেণ্য চলচ্চিত্রকার ছটকু আহমেদের করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে। পরে দুই দিন তাকে বাসায় রাখা হয়। তবে তার বয়স বিবেচনা করে পরিবার তাকে হাসপাতালে ভর্তি করে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
১৯৬২ সালে নাটক পরিচালনার মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন ছটকু আহমেদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নামে প্রথম নাটক পরিচালনা করেন তিনি। পরে ১৯৬৬ সালে ধারাবাহিক নাটক ‘অমর জীবন’ রচনা করেছেন। এরপর জয় রচিত ও ফাল্গুনী হামিদ প্রযোজিত ‘দিঠি’ নাটক পরিচালনা করেন। ১৯৭২ সালে ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আগমন ঘটে ছটকু আহমেদের।
দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গুণী এ পরিচালক। এর মধ্যে রয়েছে, মায়া মমতা, সত্যের মৃত্যু নেই, নাত বৌ, রাজদণ্ড, চেতনা, বুকের ভিতর আগুন, বুক ভরা ভালোবাসা, মিথ্যার মৃত্যু, অত্যাচার, বর্ষা বাদল, শেষ যুদ্ধ, গৃহবিবাদ, আজকের রূপবান, মহা তান্ডব, প্রতিবাদী মাস্টার।
কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ ১৯৮৬ সালে ‘গৃহবিবাদ’ চলচ্চিত্রের সেরা গীতিকার, কাহিনীকার ও সংলাপ রচয়িতার বাচসাস পুরস্কার অর্জন করেন। ১৯৮৯ সালে ‘সত্য মিথ্যা’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। তার পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রটি ঢাকাই চলচ্চিত্রের সর্বাধিক ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম।