মারা গেলেন ‘দৃশ্যম’ ছবির পরিচালক নিশিকান্ত
চলে গেলেন জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামাত। মাত্র ৫০ বছরেই শেষ হল ‘দৃশ্যম’ খ্যাত পরিচালকের পথ চলা। হায়দরাবাদের একটি হাসপাতালে সোমবার বিকাল ৪টায় মৃত্যু হয় নিশিকান্ত কামাতের।
সোমার সকাল থেকেই নিশিকান্ত কামাতের শরীর নিয়ে জল্পনা শুরু হয়। চলচ্চিত্র পরিচালক মিলাপ জাভেরি ট্যুইট করে নিশিকান্ত কামাতের মৃত্যুর খবর জানান। পরে তিনি আবার জানান, নিশির অবস্থা সঙ্কটজনক। তবে সেই খবর বেশিক্ষণ স্থায়ী হয়নি। সোমবার বিকেল গড়াতে না গড়াতেই শেষ হয়ে যায় নিশিকান্ত কামাতের জীবনের সঙ্গে লড়াই।
বেশ কয়েকদিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন দৃশ্যমের পরিচালক। সম্প্রতি তাকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর হলেও, তার চিকিতসা চলছিল পুরোদমে।
২০০৫ সালে মারাঠি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন নিশিকান্ত কামাত। পরে ন্যাশনাল স্পটলাইটে আসেন দৃশ্যম ছবিটি পরিচালনার পরে। মালায়লম ছবিকে হিন্দিতে রিমেক করেন তিনি। ২০১৫ সালে মুক্তি পায় অজয় দেবগণ ও তাব্বু অভিনীত এই ছবিটি। এছাড়াও নিশিকান্ত কামাত ফোর্স, রকি হ্যান্ডসাম এবং মাদারির মতো ছবি পরিচালনা করেছেন। রকি হ্যান্ডসাম, জুলি ২, ভবেশ যোশি এবং সাতচিয়া আট ঘারাট (মারাঠি) ছবিতে অভিনয় করতেও তাকে দেখা যায়।