সনিয়া নুসরাতের সঙ্গে মন হারালো ভারতের শানের!
হিন্দি-বাংলা দুই ভাষার গান গেয়েই পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন ভারতের কণ্ঠশিল্পী শান। বাংলাদেশের একাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। কিন্তু এবারই প্রথম অডিও গান করলেন শান। গানের শিরোনাম ‘কেন মন হারালো’। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী সনিয়া নুসরাত।
গানটির অডিও কাজ সম্পন্ন হয়েছে ভারতে। রাজিব দত্তের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু। স্বরাজ দেবের ভিডিও পরিচালনায় গানে মডেল হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ও সনিয়া নুসরাত।
গানটি সম্পর্কে সনিয়া নুসরাত জানান, আমার খুব পছন্দের একজন কন্ঠশিল্পী শান। শানের গায়কীর স্বভাবসুলভ মেলেডির পুরোটাই পাওয়া গেছে এ গানে। সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি। সুরে কিছুটা নতুনত্ব থাকলেও এই প্যার্টানের গান শান আগেও গেয়েছেন। তাই আশা করছি গানটি সবার ভালো লাগবে।
গানটি সম্পর্কে ভারত থেকে শান জানান, সনিয়া নুসরাতের গায়কীতে ভিন্নতা আছে। ওর কণ্ঠ মেলোডিয়াস। ভালো গেয়েছে মেয়েটা। আমি আশাবাদী দুই বাংলার শ্রোতাদের মনপুত হবে গানটি।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, বুধবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘কেন মন হারালো’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং রবি রবি স্প্ল্যাশে।