ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জন্মদিনে কোথায় ‘উধাও’ হলেন অপু বিশ্বাস?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬, ১১ অক্টোবর ২০১৯
জন্মদিনে কোথায় ‘উধাও’ হলেন অপু বিশ্বাস?
অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার অন্যতম সফল নায়িকা অপু বিশ্বাস। ২০০৪ সালে চলচ্চিত্রে অভিষেক হওয়ার পর বাঘাবাঘা সব নায়িকাদের পেছনে ফেলে উঠে আসেন প্রাদপ্রদীপে। একের পর এক ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়ে পরিচিতি পান ঢাকাই সিনেমার কুইন হিসেবে। আজ এ অভিনেত্রীর ৩০তম জন্মদিন। 

১৯৮৯ সালের ১১ অক্টোবর তিনি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাস। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। জন্মদিন উপলক্ষে নিজ থেকে তেমন কোনো আয়োজন না করলেও বন্ধু ও ভক্তরা কয়েক দফা কেক কেটে তার জন্মদিন উদযাপন করে থাকেন। কিন্তু এবারের প্রেক্ষাপট একটু অন্যরকম। কারণ বন্ধু-বান্ধব ও তার ভক্তরা খুঁজেই পাচ্ছেন না তাকে। বন্ধ রয়েছে তার মুঠোফোনটিও।

কোনোরকম ঘোষণা ছাড়াই বিশেষ এই দিনে নিজেকে লুকিয়ে রাখলেন ঢাকাইয়া কুইন। তবে বেশ কয়েকদিন আগে নায়িকা জানান এবারের জন্মদিন কলকাতায় কাটানোর ইচ্ছে রয়েছে তার। সেখানে দর্শনীয় কোনো স্থানে দিনটি পালন করবেন। আর সে কারণেই কী নায়িকা ‘উধাও’ হয়ে গেলেন তা এখনো জানা যায় নি। 

এরআগে গত ২৭ সেপ্টেম্বর পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন বেশ ঘটা করেই পালন করেন তিনি। আত্মীয়-স্বজন ও কাছের বন্ধু-বান্ধবদের নিয়েই দিনটি উদযাপন করেছেন অপু বিশ্বাস।

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু বিশ্বাস। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। মুক্তির পর এ সিনেমা বক্স অফিসে সফল হওয়ায় রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন অপু। 

এরপরে শাকিব খানের সঙ্গে জুটি বেধে অভিনয় করে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়। একই পরিচালক এই জুটিকে নিয়ে নির্মাণ করেন ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ সিনেমা। এসব সিনেমাও ব্যবসায়ীকভাবে সফল হয়।

বর্তমানে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া তার ‘শটকাট’ সিনেমার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!