ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা পর্যায়ক্রমে নিয়োগপত্র পাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা পর্যায়ক্রমে নিয়োগপত্র পাবে
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাদ দেওয়া নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তি’ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১ অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

Advertisement

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।

এর আগে ২৪ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। এতে এ পর্যন্ত ৪১ জেলায় প্রায় দেড় হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী বাদ পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তাদের নামে কোনো নিয়োগপত্র ইস্যু করা হয়নি। কী কারণে তারা বাদ পড়েছেন, তা-ও জানানো হয়নি। তবে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে কয়েকজন প্রার্থী জানিয়েছেন, পুলিশ বা গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনে নেতিবাচক প্রতিবেদন থাকায় তারা বাদ পড়েছেন বলে জানতে পেরেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!