ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাস্তা পারাপারের নিরাপত্তা চায় পাবিপ্রবি শিক্ষার্থীরা

আলফি সানি, পাবিপ্রবি
প্রকাশিত: ১৩:২০, ৩১ অক্টোবর ২০২৪
রাস্তা পারাপারের নিরাপত্তা চায় পাবিপ্রবি শিক্ষার্থীরা
জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় পাবিপ্রবি শিক্ষার্থীদের। ছবি: ডেইলি বাংলাদেশ

৩০ অক্টোবর রাত ৯টায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মৃত্যুবরণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবি আলোচনায় আসছে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। নিরাপদে রাস্তা পারাপারের দাবি তুলেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দিয়ে নিজেদের নিরাপত্তার কথা জানাচ্ছেন তারা।

সরেজমিন দেখা যায়, পাবনা-ঢাকা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের অংশে সবসময় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের জট লেগে থাকে। সেখানে কোনো জেব্রা ক্রসিং ও পর্যাপ্ত স্পিড ব্রেকারও নেই। ফলে শিক্ষার্থীরা নিয়মিত ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের নিরাপত্তার চাইছেন পাবিপ্রবি শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

মাসুমা খাতুন নামের এক শিক্ষার্থী লিখেন, ক্যাম্পাসের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করা সত্ত্বেও ক্যাম্পাসের গেটের সামনে কোনো জেব্রা ক্রসিং বা ন্যূনতম স্পিড ব্রেকার ও নেই। সবসময় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় আমাদের, প্রতিদিন কেউ না কেউ চলন্ত গাড়ির সামনে পরেই যায়। এর আগে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দুই একজন মেধাবী অকালে প্রাণ না হারানো পর্যন্ত ফুটওভার ব্রিজ বা স্পিড বেকার পায়নি,আমরা আমাদের প্রশাসন থেকে এমন নির্মমতা আশা করি না। বিশ্ববিদ্যালয়ের গেটে এমন দুর্ঘটনা খুব কমন একটা বিষয়, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ফুটওভার ব্রিজ না হলেও যেন ন্যূনতম দুই ৩টা স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হয় জরুরি ভিত্তিতে।

আরেক শিক্ষার্থী সোহাগ আলী লিখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনেও হাইওয়ে রাস্তা। প্রতিনিয়ত দেখি ছাত্র-ছাত্রী রা অটো থেকে নেমে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। আমাদের সাথেও তো এরকম দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দুর্ঘটনা এড়াতে আগে থেকেই পর্যাপ্ত পদক্ষেপ ও ফুটওভার ব্রিজ নির্মাণ করা উচিত। 

উল্লেখ্য, ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে প্রয়োজনীয় সংখ্যক স্পিড ব্রেকার (গতিরোধক), পথচারী পারাপার জেব্রা ক্রসিং ও সতর্কতামূলক সংকেত যথাযথভাবে স্থাপন করার জন্য পাবনার সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি চিঠি হস্তান্তর করা হলেও এ পর্যন্ত এর প্রতিফলন দেখা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!