ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাবিপ্রবিতে শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলা

পাবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ১১:১৭, ৩ সেপ্টেম্বর ২০২৪
পাবিপ্রবিতে শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলা
শিক্ষার্থী তাইফুল ইসলাম খান রঙ্গন। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। ভুক্তভোগী ঐ শিক্ষার্থী হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী তাইফুল ইসলাম খান রঙ্গন। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক শেহজাদ হোসনের অনুসারী বলে জানা গেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, পূর্বের ব্যক্তিগত বিরোধের জেরে রঙ্গন বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে শাখা ছাত্রলীগের ইঞ্জিনিয়ারিং অনুষদের সভাপতি এবং ইইই বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহজালাল হোসেনের নামে একটি পোস্ট করেন। ঐ পোস্টের মন্তব্যের ঘরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী তাকে নিয়ে বিদ্রূপমূলক মন্তব্য করেন। এতে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা প্রশমনের জন্য রঙ্গন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ঐ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মীমাংসার জন্য একত্রিত হন।

Advertisement

তবে আলোচনার একপর্যায়ে আবারো তর্ক-বিতর্ক শুরু হলে সেখানে উপস্থিত কয়েকজন বহিরাগত রঙ্গনের ওপর আকস্মিক হামলা চালায়।

হামলার শিকার রঙ্গন বলেন, ‘ফেসবুকে একটি পোস্টের মন্তব্য নিয়ে আমার সহপাঠীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে আমরা বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে যাই। কিন্তু আলোচনার সময় হঠাৎ কিছু বহিরাগত আমার ওপর আক্রমণ করে। তাদের কাউকে আমি চিন্তে পারিনি।’

এ ঘটনার বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিনারুল ইসলাম বলেন, ‘রঙ্গনের ফেসবুক পোস্ট নিয়ে আমাদের বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কিছু মতবিরোধ হয়। পরে আমরা বিষয়টি মীমাংসার জন্য তাকে নিয়ে প্রধান ফটকের কাছে যাই। কিন্তু আলোচনার সময় কিছু বহিরাগত এসে তাকে অতর্কিত আক্রমণ করে। আমরা ধারণা করছি, ছাত্রলীগ নিয়ে তর্কাতর্কির সুযোগ নিয়ে বহিরাগতরা এই হামলা চালিয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!