পিএসসি সূত্রে জানা গেছে, পরীক্ষার হলে পাশের কারো সঙ্গে দেখাদেখি করলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। এমনকি ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেয়া যাবে— মর্মে নির্দেশনাও রয়েছে পরীক্ষকদের প্রতি।
পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, এছাড়া পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
.png)
এদিকে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দৈবচয়নের ভিত্তিতে সাজানো হয়েছে আসন-বিন্যাস।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (১৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগ- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।
৪৫তম বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জনকে। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেবে সরকার।