পিএসসি সূত্রে আরো জানা গেছে, ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় মঙ্গলবারের সভায় চূড়ান্ত হতে পারে। এর আগে, বিসিএসের প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে গত ১০ মার্চ সংশ্লিষ্ট প্রেসের কর্মকর্তাদের সঙ্গে পিএসসি বৈঠক করেছে।
এদিকে পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, এই বিসিএসের প্রশ্ন তৈরির কাজ বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। তবে আসন্ন রোজার ঈদের ছুটির কারণে চলতি মাস মার্চ ও এপ্রিলে এ পরীক্ষা নেয়া সম্ভব হবে না। তাই আগামী মে মাসের প্রথম দিকে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
.png)
জানতে চাইলে পিএসসি’র সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মার্চে হচ্ছে না। এটি নিশ্চিত। কবে পরীক্ষা নেয়া যায়, সে বিষয়ে আজকের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
গত বছরের ৩০ নভেম্বর পিএসসি ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদনের শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জনকে।