মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় নানা আয়োজনে এ উৎসব শুরু হয়। রাত ৮টা পর্যন্ত এ উৎসব চলবে।
সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান বলেন, ১৭ বছর বয়সী মর্তুজা আহমেদ কনজেনিটাল হার্ট রোগে আক্রান্ত। অর্থাভাবে চিকিৎসা করাতে ব্যর্থ হচ্ছে সে। চিকিৎসার অর্থ যোগাতে স্বপ্নোত্থানের সঙ্গে যোগাযোগ করে সে। তার চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য স্বপ্নোত্থান আয়োজন করেছে ‘স্বপ্নোত্থান বসন্ত উৎসব ২০২৩’।
.png)
তিনি আরো বলেন, বসন্ত উৎসবে ছিল ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের উদ্যোক্তা উইমেন ট্রাভেলার্স অব সিলেট, স্বত্বসাজ, মৌচাক, নীল চশমা, ফিঙে, অর্ধবৃত্ত স্টলসহ পিঠার স্টল, ফুচকা স্টল, ফুলের স্টল, আইসক্রিম স্টল, গেইমিং জোন ও ফটো বুথের টেন্ট বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ বিভিন্ন জায়গা থেকে আগতরা পছন্দের জিনিস আনন্দের সঙ্গে কিনছেন। এ উৎসব থেকে অর্জিত লভ্যাংশের অর্থ মর্তুজার চিকিৎসায় ব্যয় করা হবে।
প্রসঙ্গত, ২০০৭ সালে স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু করে স্বপ্নোত্থান। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়সহ সিলেট শহরে বিনামূল্যে রক্তদান সরবারহ, শীতবস্ত্র, ঈদবস্ত্র বিতরণ, শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ নানা স্বেচ্ছাসেবী কার্যক্রম করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবারের এ আয়োজন করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।