ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

পাবিপ্রবির রোভারিং: সহায়তায় নিবেদিত প্রাণ

আব্দুল্লাহ আল মামুন, পাবিপ্রবি
প্রকাশিত: ১২:৫১, ২১ আগস্ট ২০২২
পাবিপ্রবির রোভারিং: সহায়তায় নিবেদিত প্রাণ
পাবিপ্রবির রোভার স্কাউট কার্যক্রম। ছবি: ডেইলি বাংলাদেশ

সদ্য অনুষ্ঠিত হয়ে গেল ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছের ভর্তি পরীক্ষা। এতে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (পাবিপ্রবি)। পাবিপ্রবিতে আগত পরীক্ষার্থীদের সেবা, শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখার কাজটি করেছে এ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ। পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরলস পরিশ্রম করতে দেখা যায় তাদের। এতে আগত শিক্ষার্থী-অভিভাবক, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশংসা কুড়চ্ছে রোভার স্কাউটরা। সবাই তাদের বলছে, এরা যেন ‘সহায়তায় নিবেদিত প্রাণ’।

জানা যায়, গুচ্ছের পরীক্ষায় পাবিপ্রবিতে মোট ১১টি কেন্দ্রে স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিলেন পাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ। এ সময় পুরুষ ও নারীসহ রোভার স্কাউটের মোট ১২৪জন সদস্য নিরলস পরিশ্রম করে। ভর্তি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো, ডিভাইস চেকিং, সিট প্ল্যান দেখানোসহ বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত ছিলেন তারা। 

পাবিপ্রবির রোভার স্কাউট কার্যক্রম। ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পাবিপ্রবিতে বিএনসিসির কোনো প্লাটুন না থাকাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে রোভার স্কাউট গ্রুপ প্রশাসনকে সহযোগিতা করে থাকেন। ২০২২ সালের গুচ্ছের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা কমিটিকে সহযোগিতার জন্য প্রশাসনের পক্ষ থেকে রোভার স্কাউট গ্রুপকে দায়িত্ব দেওয়া হয়। 

ভর্তি পরীক্ষায় নিজেদের কাজ নিয়ে পাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. ওহিদুল ইসলাম ডেইলি বাংলাদেশকে জানান, আমরা গত তিনটি পরীক্ষায় ভর্তি পরীক্ষা নিষ্ঠার সঙ্গে কাজের চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা মতো আমরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছি। পাশাপাশি পরীক্ষার্থীদের আসন খুঁজে দেওয়া, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রিন্ট করে দেওয়া, হারিয়ে যাওয়া ডকুমেন্ট খুঁজে পেতে সাহায্য করেছি।

পাবিপ্রবির রোভার স্কাউট কার্যক্রম। ছবি: ডেইলি বাংলাদেশ

রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. জিন্নাত রেহানা ডেইলি বাংলাদেশকে বলেন, রোভার স্কাউট একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রোভার স্কাউট গ্রুপ সেবা দিয়ে থাকে। বরাবরের মতো এবারও আমরা চেষ্টা করেছি ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আইন শৃঙ্খলা কমিটিকে যথাযথভাবে সহায়তা করার।

তিনি বলেন, আমাদের সিনিয়র রোভার মেট, রোভার মেট, সহকারী রোভার মেটসহ সব রোভার সদস্যগণ তাদের নিজ নিজ কর্তব্য যথাযথভাবে পালন করেছে। যার ফলে আমরা সবাই মিলে সুশৃঙ্খলভাবে কার্যক্রমটি সুসম্পন্ন করতে পেরেছি। 

পাবিপ্রবির রোভার স্কাউট। ছবি: ডেইলি বাংলাদেশ

ভর্তি পরীক্ষায় রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনও। গুচ্ছ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমে তাদেরকে ধন্যবাদ জানান উপাচার্য।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!