চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৯৪
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় ১৯৪ জন অনুপস্থিত ছিল।
এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৬১ হাজার ১২২ জন পরীক্ষার্থী ছিল।
রোববার (১৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রথমদিনে পদার্থবিজ্ঞান পরীক্ষায় চট্টগ্রামে শিক্ষা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯৪ জন। সব পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে হয়েছে।
তিনি বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
জানা গেছে, চট্টগ্রামে ১২২ কেন্দ্রে ২০ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৬৩৯ জন। অনুপস্থিত ছিল ১১২ জন। কক্সবাজারে ২৮টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪ হাজার ১০১ জন এবং অনুপস্থিত ছিল ২৭ জন। রাঙামাটি জেলায় ২০টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৩৯৪ জনের মধ্যে অংশ নেয় ১ হাজার ৩৮৪ জন। অনুপস্থিত ছিল ১০ জন পরীক্ষার্থী।
খাগড়াছড়ি জেলায় ২২টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৪৮৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৪৫৯ জন এবং অনুপস্থিত ছিল ২৮ জন। বান্দরবান জেলায় ১২টি পরীক্ষা কেন্দ্রে ৫৭৭ জনের মধ্যে অংশ নেয় ৫৬০ জন এবং অনুপস্থিত ছিল ১৭ জন পরীক্ষার্থী।
গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। পরীক্ষার্থী বাড়ার হার ৮ দশমিক ৭৬ শতাংশ। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। রোববার (১৪ নভেম্বর) থেকে এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর।
এসএসসিতে ১৪ নভেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান, ১৬ নভেম্বর রসায়ন (তত্ত্বীয়), ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং ২২ নভেম্বর উচ্চতর গণিত (তত্ত্বীয়), জীব বিজ্ঞান (তত্ত্বীয়), ২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি, বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়, স্ব স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে ২৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।