ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

চট্টগ্রাম বন্দরে তামাকের চালান নিয়ে রাজস্ব ফাঁকির শঙ্কা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৭, ২৯ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দরে তামাকের চালান নিয়ে রাজস্ব ফাঁকির শঙ্কা
সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০ কনটেইনার কাঁচা তামাকের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চালানটিতে মোট ১৫০ মেট্রিক টন তামাক রয়েছে। এসব তামাক দিয়ে প্রায় ৪৯৪ কোটি টাকা মূল্যের সিগারেট উৎপাদন সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এসব তথ্য জানায়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড বন্ড সুবিধায় পাকিস্তান থেকে তামাকের চালানটি আমদানি করেছে। আটক তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট তৈরি করা সম্ভব। এসব সিগারেটের সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা জানায়, প্রাথমিক পর্যালোচনায় চালানটির ঘোষিত আমদানি মূল্যে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া গেছে। একই এইচএস কোডের পণ্য আগে প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলার দরে শুল্কায়ন করা হলেও আটক চালানে প্রতি কেজি কাঁচা তামাকের মূল্য দেখানো হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার।

সংস্থাটির হিসাবে, আগের আমদানি মূল্য বিবেচনায় চালানটির আমদানি পর্যায়ে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব জড়িত রয়েছে।

কাস্টমস গোয়েন্দার মতে, বন্ড সুবিধায় আমদানি করা তামাকের প্রকৃত ব্যবহার এবং তা দিয়ে উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও তদারকি করা জরুরি। অন্যথায় আমদানি, উৎপাদন ও বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে শুল্ক-কর ফাঁকির ঝুঁকি তৈরি হতে পারে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!