ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৫, ২৯ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে
সংগৃহীত ছবি

এনআরবিসি ব্যাংক পিএলসির ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় সমন্বিত হিসাবে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ৫৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১০ পয়সা। একক হিসাবে ইপিএস ১৬ পয়সা থেকে বেড়ে ৬৯ পয়সায় উন্নীত হয়েছে।

বুধবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এসব তথ্য প্রকাশ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম সভায় অংশ নেন।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৭ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে এ পরিমাণ ছিল ১৬ টাকা ৭৪ পয়সা। এ সময় ব্যাংকটির সমন্বিত নিট সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৭ কোটি ২৮ লাখ টাকা।

পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এবং আয়কর বাবদ প্রভিশন সংরক্ষণের প্রয়োজন কমে আসায় ব্যাংকটির ইপিএস বেড়েছে। পাশাপাশি সংবিধিবদ্ধ সঞ্চিতি ও সংরক্ষিত আয় (রিটেইন্ড আর্নিংস) বৃদ্ধি পাওয়ায় নিট সম্পদমূল্যেও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!