স্থগিত হলো জাতীয় যুব মেলা
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে জাতীয় যুব মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই স্থানে সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে। এ কারণে জাতীয় পর্যায়ের মেলাটিও আপাতত স্থগিত রাখতে হচ্ছে।
তবে জাতীয় যুব দিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
আমিনুল হক আরও বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধনসহ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
মেলা স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে মেলা স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।