ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের প্রমাণ পায়নি ইসি: সিইসি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার মতো কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বিরোধী দলের পক্ষ থেকে তোলা অভিযোগগুলো খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন (ইসি) বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা পরিদর্শন করেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এ সময় সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল নির্বাচন ভবন থেকে ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ করা হচ্ছে। উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ভোটের পরিবেশ ঠিক রাখতে সার্বক্ষণিক নজরদারি চলছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রমের প্রতিটি বিষয় জনগণের সামনে দৃশ্যমান রাখতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করছেন।
ভোটের প্রতিদ্বন্দ্বিতাকে উৎসবে পরিণত করে দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন সিইসি।